গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুই দিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টাঙানো, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। এমন পরিস্থিতিতে ক্যাম্পাস ছাড়ছে শিক্ষার্থীরা।
গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয় এবং নামফলক ভাঙচুর করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেন তারা।
এদিকে জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর নিরাপত্তায় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন আনসার সদস্য দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজ রবিবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। এটার জন্য আমাদের অনেক ক্ষতি হবে। আমাদেরও সিকিউরিটি ইস্যু আছে, তা আমাদের এখন বাসায় চলে যেতে হচ্ছে। যদি আমরা পরীক্ষাটা দিতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো।
ছাত্রদলের গোবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, গত কয়েক দিন ধরে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও চাপ প্রয়োগ করেও কার্যকর সাড়া পাইনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তটি হঠকারী। বন্ধ ঘোষণা করলেই শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই।
ছাত্র গণমঞ্চের নিঘাত রৌদ্র বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি পুরোনো চরিত্র হচ্ছে, মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা। প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সহায়তা পায়নি। পুলিশ, বিজিবি কেউই সহায়তা করেনি, সেনাবাহিনীও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা সেমিস্টার আটকে যাওয়াসহ নানা সমস্যায় পড়েছেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই নয়, গোটা গোপালগঞ্জেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিলাম। তবে তারা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন করবে না বলে আমাদের জানিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, গত ১৭ নভেম্বর থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.