যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সনদ জালিয়াতির ঘটনায় সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের নামে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ মামলায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীর সনদ জালিয়াতির ঘটনায় জিডিতে তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। তিনি গত ১৬ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন।
আসামি হিসেবে উল্লেখিত অন্যান্যরা হলেন- সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) ও যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) ও চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার ও শ্যামনগর গ্রামের জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) ও চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী ও সদর উপজেলার বিরামপুর গ্রামের সুমন হোসেন।
এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আসামিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ কারণে থানা পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। পরে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে এ মামলা করেন।
অভিযুক্তরা জাল সনদ তৈরি ও ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে চাকরি গ্রহণের মাধ্যমে সরকারি অর্থ বেতন-ভাতা উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতোমধ্যে বরখাস্ত করেছেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় মামলার অভিযোগকারী রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.