নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেছে পুলিশ। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদারের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। লিখিত বার্তায় পুলিশ সুপার বলেন, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.