Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Education

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ৩৬ বছরে পদার্পণ

খুলনা : বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, স্মরণি...

Read on Dainik Khulna 24 Link copied
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ৩৬ বছরে পদার্পণ
Photo: Dainik Khulna 24

খুলনা :

বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মেইন গেট ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. খসরুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তা নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছেন এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের উৎসবমুখর ও আনন্দঘন দিনে বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সঙ্গে দেশ-বিদেশে আলো ছড়ানো বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শুভদিনে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তেও আলো ছড়াচ্ছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতি, সামাজিক ও শিল্প সংযোগের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসকে প্রাণবন্ত রেখেছে। এ ক্ষেত্রে বিভিন্ন ক্লাব ও সংগঠনও জোরালো ভূমিকা পালন করছে। আগামীতে এসব ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং পাইকগাছা ক্যাম্পাসে কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদনের ঘোষণা দেন।

খুলনা অঞ্চলের কৃষি, মৎস্য ও চিংড়িসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি এসব খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আরও বেশি প্রায়োগিক গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার ‘এক কোটি হাই ভ্যালু জব’ সৃষ্টির পরিকল্পনা করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। নলেজ বেজড ইকোনমি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের শক্তি। তাদের মানসম্পন্নভাবে গড়ে তুলতে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে যারা উদ্ভাবক হতে চায়, তাদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. খসরুল আলম।

অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয়: অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা’ শীর্ষক উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।

সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে গত বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।

অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original