
জেলা প্রতিনিধি, বাগেরহাট:
বাগেরহাট সদর উপজেলার ৪৭ নম্বর সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশরাফ ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ মঞ্জুর আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনন্দ কুন্ডু ও শুক্লা সাহা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তারা জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই এই পর্যায়ের অর্জিত শিক্ষা, মূল্যবোধ ও শৃঙ্খলাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Original report
Open original
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.