শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বৃদ্ধির ফলে প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাওয়ায় চলতি নভেম্বরের প্রথমার্ধে জারা ও এইচঅ্যান্ডএম-সহ বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন রিটেইলাররা বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য উৎপাদন কেন্দ্রে সরিয়ে নিয়েছে।
তিনজন কারখানা মালিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার বেশির ভাগই চলে গেছে প্রতিবেশী দেশ ভারতে।
দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ তৈরি পোশাক খাতের জন্য এই ক্রয়াদেশ স্থানান্তর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে, যা বর্তমান অস্থিরতা থামার পরও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিল্পনেতারা জানিয়েছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্প ব্যয়ে উৎপাদনের সুবিধা—যা দেশটিকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকে পরিণত করেছিল—তা দুর্বল করে দিয়েছে এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোকে বিকল্প উৎস খুঁজতে উৎসাহিত করেছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর তথ্যমতে, চলমান শ্রমিক বিক্ষোভের কারণে এই খাতে এখন পর্যন্ত ৪০ কোটি ডলারেরও বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।
শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, সরিয়ে নেওয়া ক্রয়াদেশের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছে ভারত। পাশাপাশি সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
গত বুধবার বাংলাদেশ সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বৃদ্ধির অনুমোদন দেওয়ার পর এই চাপ আরও তীব্র হয়। গত চার দশকের মধ্যে শতাংশের হিসাবে সর্বনিম্ন এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবির তুলনায় অনেক কম হওয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন এবং শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।
শিল্পনেতাদের মতে, শ্রমিক সংগঠনগুলো বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে এই মজুরিকে এখনো কম বলে দাবি করলেও, এই বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম-ব্যয়ের সুবিধা আরও সংকুচিত হবে। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকেরা জানান, চলমান অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস), সেলিও এবং অন্যান্য বৈশ্বিক ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার সিংহভাগই পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নে জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি এবং এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও কোনো সাড়া দেয়নি।
এদিকে রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের শেয়ারের দর বেড়ে গেছে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ার ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সম্ভাব্য অন্যান্য সুবিধাভোগী প্রতিষ্ঠান ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ার প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বিজিএমইএ-এর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের উচ্চমূল্য উৎপাদনকারীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তার ভাষায়, ‘ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর দাবি জানাচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে, ঠিক সেই সময়ে মজুরি বৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে।’ অন্যদিকে, সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়ার ফলে আর্থিক ক্ষতি কমিয়ে বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখা সম্ভব হচ্ছে।
কারখানা মালিকদের বড় উদ্বেগ হলো, ইতোমধ্যে সরে যাওয়া ক্রয়াদেশের ধারাবাহিকতায় ক্রেতারা ভবিষ্যতের ব্যবসা নিয়েও নতুন করে ভাবতে পারেন, যাতে দীর্ঘমেয়াদে ক্রয়াদেশ হারানোর ঝুঁকি তৈরি হবে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তীব্র হওয়া দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত হওয়ার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এবং অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে পণ্য সরবরাহের সময়কে (লিড টাইম) বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘কঠোর সময়সীমার মধ্যে পণ্য সরবরাহের চাপে থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম গৌণ হয়ে পড়ে।’ তার তথ্যমতে, ভারত ক্রেতাদের প্রায় এক সপ্তাহের এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া ১৫ দিন পর্যন্ত কম সময়ে পণ্য সরবরাহের সুবিধা দিতে পারে। প্রতিযোগী দেশগুলো যেখানে সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
চলমান অস্থিরতায় উৎপাদনে বড় ধরনের জট তৈরি হয়েছে এবং ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবস হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে কেউ কেউ ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পরিবহনের কথা ভাবছেন। মূলত ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে অস্থিরতার কারণে আমার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা জানাচ্ছেন, আমাদের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে এবং তারা ইতোমধ্যে বিকল্প সমাধান খুঁজে নিয়েছেন।’
এর পাশাপাশি ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শিল্পনেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সময় অন্যত্র চলে যাওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হলেও আর ফিরে না আসতে পারে। তার মতে, ‘সাময়িক এই পরিবর্তন দীর্ঘমেয়াদী সিদ্ধান্তে পরিণত হওয়ার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ; কারণ ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প আছে এবং অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.