পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক বল আগে ছক্কা মেরে সেঞ্চুরি করেন তিনি। তাতে বাংলাদেশ ‘এ’ দল ২৩৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তানকে।
এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে আলী রাজার জোড়া আঘাতে বিপদে পড়ে বাংলাদেশ। টানা দুই ওভারে সাইফ হাসান (২) ও মাহমুদুল হাসান জয় (৯) বিদায় নেন।
তারপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে সতর্ক ব্যাটিংয়ে ৯৫ রানের জুটি গড়েন শাহাদাত। অঙ্কন ৪২ রানে সুফিয়ান মুকিমের শিকার হন। এই পাকিস্তানি বোলারের পরের ওভারে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ১১০ রান করা দল ১১৮ রানে পাঁচ ব্যাটারকে হারায়।
এই ধস সামলাতে এবার এসএম মেহরবকে সঙ্গী হিসেবে পান শাহাদাত। ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন তারা। তারপর আরেকটি ধাক্কা। ২২ রানের ব্যবধানে নেই আরও তিন উইকেট। হাসান নওয়াজ ৪১তম ওভারে মেহরব ও মোহাম্মদ রুবেলকে ফেরান। রাকিবুল হাসান ১০ রান করে আহমেদ দানিয়ালের শিকার হন।
এরপর শাহাদাত দলকে টেনে নিতে থাকেন সতর্ক ব্যাটিংয়ে। আর কোনো উইকেট পড়েনি। ১৯২ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ ২৩২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে।
শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৫ রান প্রয়োজন ছিল শাহাদাতের। প্রথম দুই বল থেকে এক রান নেন ডানহাতি ব্যাটার। তৃতীয় বলে স্ট্রাইকে গিয়ে ছক্কা মারেন রিপন। পরের বলে তিনি লেগ বাইয়ে সিঙ্গেল নিয়ে শাহাদাতকে স্ট্রাইকে পাঠান। পঞ্চম বলে চমৎকার ফ্লিকে মিডউইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরির দেখা পান ২৪ বছর বয়সী ব্যাটার। ১১৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন ৬ আন্তর্জাতিক টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলা শাহাদাত। রিপন ১৯ রানে খেলছিলেন।
এই টুর্নামেন্টে প্রথমবার পাকিস্তান দল রান তাড়া করতে নামবে। আর বাংলাদেশকে ২৩২ রান ডিফেন্ড করতে ভালো বোলিং করতে হবে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.