Friday, November 27, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। অতীতে তাদের অপকর্মের যে ইতিহাস রয়েছে, তার পুনরাবৃত্তি বাংলাদেশে আর হতে […]

Read on Khulna Gazette Link copied
বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Photo: Khulna Gazette

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। অতীতে তাদের অপকর্মের যে ইতিহাস রয়েছে, তার পুনরাবৃত্তি বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

দেশের রাজনৈতিক দল ও নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী ও পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে সে প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। এ বিষয়ে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে এবং দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা ও তর্ক-বিতর্ক থাকবে। সংসদেও মতপার্থক্য নিয়ে আলোচনা হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যেভাবে গণতান্ত্রিক ঐক্য গড়ে উঠেছিল, দেশের স্বার্থে আবারও সেরকম ঐক্য গড়ে তুলতে হবে।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা চলছে এবং সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি এসব অপতৎপরতায় ইন্ধন জোগাচ্ছে। একই সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে পাঁয়তারা চলছে, তা সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে। একটি অপশক্তি সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা অনাচার ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত ও বিপন্ন করতে চায়। তবে সরকার আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করবে।

গত ১৬-১৭ বছর দেশে আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসন চলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬-১৭ বছর আমরা আলেমবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের শাসনে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবন ধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী, গরিব ভাই-বোন ও আলেমদের হত্যা করা হয়েছে।’

শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির অপচেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় অহেতুক অস্থিরতা সৃষ্টি ও উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছিল। সম্প্রতি সেই বোর্ড মজুরি ঘোষণা করেছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি আদায় করেছেন। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিক ভাইদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তারা কারা? তারা ওরাই, যারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা তাদের চিহ্নিত করেছি।

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে যারা আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে নিয়মিত অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে আগুন লাগানোর নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। বাংলাদেশে অবস্থানরত সংশ্লিষ্ট নেতাকর্মীদেরও এসব কর্মকাণ্ডে ইন্ধন জোগানো, উসকানি দেওয়া ও নির্দেশনা দেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original