২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারে। বর্তমানে ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছেন। এই প্রকল্প বিদ্যালয়মুখী চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট।
তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাবে এক কোটি ১০ লাখ শিশু। চলমান ব্যবস্থার পাশাপাশি মায়েদের নিয়ে খাবারের গুণগত মান তদারকি জোরদার করা যেতে পারে। বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধন প্রণালী, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার এবং মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশে শিশুদের পুষ্টিহীনতা বহু গুণে রোধ করবে।
তিনি আরও বলেন, কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা জরুরি। এর মধ্যে রয়েছে- উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ সোনালী ধানের দেশে ভিটামিন ‘এ’-সমৃদ্ধ ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষ; কীটনাশক হ্রাসে পোকা দমনে বিশেষ প্রতিরোধী বেগুন (যা ৩ হাজারেরও বেশি কৃষক চাষ করছেন); আধুনিক সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ ও পতিত জমি আবাদী জমিতে রূপান্তর; জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি ও পুষ্টি সংবেদনশীল নীতি; বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরী সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি; সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও খাদ্য সহায়তা কর্মসূচি।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.