খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কয়রা উপজেলার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।
এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জলদস্যুদের দুই সহযোগীকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকার জলদস্যু দলপতি ইয়াদ আলী পাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহায়তা করার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি এলাকায় সোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে দস্যুদের সহযোগিতা করতেন।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.