গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি।
এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যাওয়ার পথে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টহলদলের পথরোধ করেন। তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালান তারা। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
এ ঘটনায় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলা প্রতিরোধ করতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.