ভারত থেকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে যাবেন, এমন খবরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এর প্রতিবাদে এবং যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকা থেকে এই মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের সঙ্গীতার মোড় এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন এবং রাজপথে নিজেদের শক্ত অবস্থানের জানান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন।
বক্তারা বলেন, আমরা একটি খবর শুনতে পেলাম যে, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা প্রবেশ করে শহরের ওপর দিয়ে পার হবেন। এই হাস্যকর খবরটি শোনার সঙ্গে সঙ্গেই আমরা তাৎক্ষণিক মশাল মিছিলের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করে দিলাম।
আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, এই মিছিলের মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই, যেকোনো মুহূর্তে কেউ যদি দেশে নৈরাজ্য বা অগ্নিসন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, তবে আমরা তাৎক্ষণিক তার দাঁতভাঙা জবাব দেব। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে।
এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.