অনলাইন ডেস্ক: রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এ জন্য আদর্শিক জ্ঞান, নৈতিক চরিত্র, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের হালিশহরে জেপি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতের বিরুদ্ধে বিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্র সংগঠনের অগ্রযাত্রা থামাতে পারবে না। সব ধরনের রাজনৈতিক বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করে কর্মীদের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন হালিশহর থানা জামায়াতের আমির মুহাম্মদ ফখরে জাহান সিরাজী। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বায়আতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, বায়আতের মাধ্যমে কর্মীরা যে অঙ্গীকার করেন, ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে তার যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষা শিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন মহানগরী সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমির ডা. শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, থানা কর্মপরিষদ সদস্য জাহের খান, মাকসুদুল মাওলা, মাওলানা আহমদ শফি ও হায়দার আলীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের ব্যক্তিগত জীবন গঠন, নৈতিকতা, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দায়িত্ববোধ ও শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
The post দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.