Friday, November 27, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Kushtia

বিনা খরচে বিদেশযাত্রার সুযোগ বাড়াতে কর্মীদের প্রশিক্ষণে জোর দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষতা উন্নয়ন ও বিদেশগামীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে ভাষা প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন প...

Read on Kushtia Protidin Link copied
বিনা খরচে বিদেশযাত্রার সুযোগ বাড়াতে কর্মীদের প্রশিক্ষণে জোর দিচ্ছে সরকার
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষতা উন্নয়ন ও বিদেশগামীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে ভাষা প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার আবারও চালু হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর সক্ষমতা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হলে তাঁরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের অর্থনীতিও লাভবান হবে। পাশাপাশি যে দেশে কাজ করতে যাবেন, সেই দেশের ভাষা জানা থাকলে কর্মক্ষেত্রে তাঁদের সুবিধা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণ ও কাজের মানের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। তাঁদের সুনাম অন্য বাংলাদেশিদের জন্যও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী কর্মীদের সুস্থতা ও সফলতা কামনা করেন। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। পরে প্রবাসে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রা করা কর্মীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকারী প্রতিষ্ঠান তাঁদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেবে এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

The post বিনা খরচে বিদেশযাত্রার সুযোগ বাড়াতে কর্মীদের প্রশিক্ষণে জোর দিচ্ছে সরকার appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original