চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামে মাছের ঘের পাহারা দেওয়ার সময় বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) সকালে গ্রামের কামরিয়া বিলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কামরিয়া বিলে মাছের ঘের পাহারার কাজ করতেন।
নিহতের ভাতিজা ইয়ামিন হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় তার চাচা মাছের ঘের পাহারা দিতে বিলে যান। রাতে তিনি বিলের পাশে একটি কুড়েঘরে অবস্থান করছিলেন। সেখানে বসে তিনি মাছ ধরতেন এবং পাহারা দিতেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয় এক কৃষকের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বদর উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই বদর উদ্দিন মাছের ঘেরে থাকতেন। কখনো সারা রাত সেখানে পাহারা দিতেন, আবার কখনো রাতে বাড়িতে ফিরে আসতেন। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তাদের জানা নেই। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোনের সূত্র ধরে হত্যার রহস্য উদ্ঘাটন হতে পারে বলে তারা আশা করছেন।
স্থানীয় লোকজন সকালে মাঠে রক্তাক্ত অবস্থায় বদর উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সেখান থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোন দুটির সূত্র ধরে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.