Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Partly cloudy
Latest
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার 23 minutes ago শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড 25 minutes ago ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। 28 minutes ago পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল 29 minutes ago কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 29 minutes ago বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা 29 minutes ago কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত 30 minutes ago স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন 30 minutes ago
Khulna

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে চক্রান্ত চলছে, সেই […]

Read on Khulna Gazette Link copied
দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
Photo: Khulna Gazette

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে। বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে। আমি বিশ্বাস করি— দেশের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের মানুষ সেগুলো রুখে দিতে সক্ষম হবে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দেশ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে এসময় তিনি বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের স্মরণ করেন এবং তাদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের কর্ম ও অবদানের জন্য তারা আমাদের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন।

একই সাথে তিনি গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষকে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথ অনুসরণের আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু আজ আমাদের সেই সুযোগকে বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ সবসময় এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা, শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় আপনাদের সচেতন হতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটি কথা বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশের সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

বাংলাদেশের সুদীর্ঘ সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের সুনাম ও ঐতিহ্য রয়েছ। সেটাকে সমুন্নত রাখতে হবে। আমরা সবাই এই মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে পরিত্যাগ করেছে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রয়েছে।

এ দেশে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।

এর মধ্য দিয়ে তিনি এ দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই পবিত্র দেহভস্ম আজও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ।

এর আগে রাষ্ট্রপতিকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং রাষ্ট্রপতি স্মারকগ্রন্থ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। এতে স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original