Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Business

গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মো. সিরাজুল হক খান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কয়েকজন নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় […]

Read on Khulna Gazette Link copied
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ
Photo: Khulna Gazette

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মো. সিরাজুল হক খান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কয়েকজন নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট।

একইসঙ্গে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, আন্দোলনের সময় এসব ব্যক্তি মাঠের রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি নেতৃত্ব দেন। সেইসঙ্গে তাদের আর্থিক সংশ্লিষ্টতার প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর বাইরে আরও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খতিয়ে দেখছেন এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা।

সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার ছাড়াও ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সরকারের প্রতিনিধি।

এর মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, ভাইস-চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এছাড়া মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও রয়েছেন হিসাব অবরুদ্ধ ও তল্লাশির তালিকায়।

তাদের মধ্যে রিফাতুল আলম মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে। মো. কাবির মিয়া ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং কামরুজ্জামান ভূঁইয়া লুটুলও ২০২৫ সালে গ্রেপ্তার হন।

স্বাস্থ্যের সাবেক সচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জুলাই আন্দোলনের সময়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়।

এনবিআরে চারটি গোয়েন্দা ইউনিট রয়েছে। আয়কর, ভ্যাট ও শুল্ক নিয়ে কাজ করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা ভ্যাট গোয়েন্দা। আরেকটি ইউনিট হলো- কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) বা শুল্ক গোয়েন্দা। গোয়েন্দা দলগুলো যৌথভাবে তাদের ব্যাংক হিসাব যাচাইয়ের কাজ করছে।

এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব ব্যক্তির কর নথির সঙ্গে তাদের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএসের তথ্য মিলিয়ে দেখার কাজ করছে। তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দা দলের এক সদস্য বলেন, আমাদের কাছে প্রাথমিক গোয়েন্দা তথ্য রয়েছে যে তারা মাঠের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এবং অর্থ দিয়ে সক্রিয় রয়েছেন। তাই তাদের লেনদেনের তথ্য খতিয়ে দেখছি এবং ব্যাংক হিসাব ও এমএফএস তথা বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য হিসাব জব্দ করেছি।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে সহিংসতা ছড়ায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায়। সেখানে সড়ক অবরোধ থেকে শুরু করে বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানের হামলা-ভাঙচুরের পাশাপাশি থানা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে সরকার।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original