Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Crime

হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে ৭ দফা দাবি এনসিপির

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধ দমনে বিশেষ টাস্কফোর্স গঠন, চাঁদাবাজি বন্ধ এবং ভুক্তভোগীদের নিরাপত্তায় স্থানীয় হটলাইন চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। তাদের দাবি, […]

Read on Khulna Gazette Link copied
হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে ৭ দফা দাবি এনসিপির
Photo: Khulna Gazette

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধ দমনে বিশেষ টাস্কফোর্স গঠন, চাঁদাবাজি বন্ধ এবং ভুক্তভোগীদের নিরাপত্তায় স্থানীয় হটলাইন চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। তাদের দাবি, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে ৭ দফা দাবিতে এনসিপি জেলা কমিটি সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির আহ্বায়ক মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকও প্রকাশ্যে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। অপরাধের পেছনে কোনো রাজনৈতিক দল, নেতা কিংবা প্রভাবশালী মহলের ইন্ধন বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অপরাধ দমনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা জানানো হলেও মাঠপর্যায়ে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সংবাদ সম্মেলনে খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের পরিসংখ্যান, মামলার অগ্রগতি এবং নিষ্পত্তির তথ্য নিয়ে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।

এছাড়া পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত বিশেষ অপরাধ দমন টাস্কফোর্স গঠনের দাবি জানায় উপস্থিত নেতৃবৃন্দ। সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও হামলার প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। একই সঙ্গে অপরাধী চক্রের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধেরও দাবি জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, আইনের শাসন বাস্তবায়নে শুধু জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু থাকলেই হবে না। খুলনার জন্য স্থানীয়ভাবে বিশেষ হটলাইন চালু করতে হবে। এ কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তাঁদের অভিযোগ জানাতে পারেন।

তাঁরা আরও বলেন, খুলনায় যারা চাঁদাবাজির শিকার হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনের শাসন বাস্তবায়নের প্রক্রিয়া জনবান্ধব ও বন্ধুত্বপূর্ণ হতে হবে। ভুক্তভোগীরা যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন এবং দ্রুত প্রতিকার পান, তা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও সাধারণ মানুষের পরিচয় গোপন রেখে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিযোগ জানানোর ব্যবস্থা এবং অভিযোগের দ্রুত প্রতিকারের দাবি জানানো হয়। পাশাপাশি খুলনার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, মার্কেট, হাসপাতাল, ফার্মেসি, শিল্পাঞ্চল ও জনবহুল স্থানে বিশেষ নিরাপত্তা টহল, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ হাসান, সদস্যসচিব আরিফুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান প্রিন্স, যুগ্ম আহ্বায়ক এস.এম.এ রশিদ, এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ শহিদুজ্জামান, খন্দকার শফিউল আলম (ববি), মোঃ সোহেল রানা, , মোঃ হাসানুর রহমান, মেহেদী হাসান হৃদয়, তরিকুল ইসলাম, নয়ন মোড়ল, মোঃ হাফিজ বিন আমিন, আমিনুল ইসলাম, রবি মল্লিক,আব্দুল কাদের নয়ন, এম.এ. কাদের, আবুল হাসানাত, মোঃ বাকি বিল্লাহ খান, মোজাম্মেল সরদার, মোঃ অজিয়ার রহমান, মামুন হোসেন, আতাউর রহমান, মোঃ খলিলুর রহমান বাবু, মোঃ মিজানুর রহমান, মোঃ আ. হালিম (মুন্না), মোঃ রিপন ফকির, বোরহান উদ্দিন, যুথি খাতুন, মোঃ শামিম হাওলাদার, মোঃ জিল্লুর রহমান, যোবায়ের তাশরিফ, আসিফ সরদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original