এক সময়ে বাংলাদেশের গ্রামীণ জনপদের খুবই জনপ্রিয় সৌখিন খেলা ছিল ঐতিহ্যবাহী ষাঁড় বা গরুর লড়াই। এটি আমাদের লোক সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ ছিল। এটিকে কেন্দ্র করে গ্রামবাংলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হতো।
সেই ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে গতকাল শনিবার খুলনার দিঘলিয়া ওয়াইএমএ ক্লাব মাঠে দিনভর উৎসবের আমেজ তৈরি হয়। দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই উৎসবে অংশ নেন। নানা বয়সী পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারীও লড়াই দেখতে ক্লাবের মাঠে ছুটে আসেন। দুপুরের আগেই মাঠ ভরে যায় আগত দর্শকে। মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ছাদে ভিড় করেন দর্শকরা। ঐতিহ্যবাহী দিঘলিয়া ওয়াইএমএ ক্লাব এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে।
আয়োজক কমিটির সূত্রে জানা যায়, খুলনা এবং পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে আগত ৬০টি ষাঁড়/গরু এ লড়াইয়ে অংশ নেয়। দিনভর লড়াই শেষে সন্ধ্যায় ফাইনাল রাউন্ডের লড়াইয়ে প্রথম স্থান অধিকারী কালিয়া থেকে আগত দেবদাস দলকে নগদ চল্লিশ হাজার টাকা, রানার্সআপ শান্ত খুনি-২ দলকে ত্রিশ হাজার টাকা, তৃতীয় ঘাসফুল দলকে বিশ হাজার টাকা, চতুর্থ আর্মি-৪ দলকে দশ হাজার টাকা, পঞ্চম পিএম দলকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
লড়াই শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনামুল হক সজল, মোঃ সাইফুর রহমান মিন্টু প্রমুখ।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.