ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা করে পুণ্যার্থীবাহী একটি বোট। রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং পুণ্যার্থীদের যাত্রা ব্যাহত হয়। এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট, দুবলা থেকে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.