Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Education

নলেজ বেজড ইকোনমি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে : ইউজিসি চেয়ারম্যান

বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করলো। দিবসটি […]

Read on Khulna Gazette Link copied
নলেজ বেজড ইকোনমি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে : ইউজিসি চেয়ারম্যান
Photo: Khulna Gazette

বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করলো।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেইন গেট ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এর নেতৃত্বে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. খসরুল আলম এবং বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তা নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যাঁরা নানা ক্ষেত্রে অবদান রেখেছেন এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই উৎসবমুখর ও আনন্দঘন দিনে বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। একই সঙ্গে দেশ-বিদেশে আলো ছড়ানো বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের প্রতিও রইল শুভেচ্ছা।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শুভদিনে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তেও আলো ছড়াচ্ছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতি, সামাজিক ও শিল্প সংযোগের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসকে প্রাণবন্ত রেখেছে। এ ক্ষেত্রে বিভিন্ন ক্লাব ও সংগঠনও জোরালো ভূমিকা পালন করছে। আগামীতে এসব ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং পাইকগাছা ক্যাম্পাসে কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদনের ঘোষণা দেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, খুলনা অঞ্চলের কৃষি, মৎস্য ও চিংড়িসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা রাখে। এসব খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আরও বেশি প্রায়োগিক গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার ‘এক কোটি হাই ভ্যালু জব’ সৃষ্টির পরিকল্পনা করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে নলেজ বেজড ইকোনমি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের শক্তি। তাদের মানসম্পন্নভাবে গড়ে তুলতে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে যে-সব শিক্ষার্থী উদ্ভাবক হতে চায়, তাদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. খসরুল আলম।

অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয় : অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা’ শীর্ষক উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।

সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে গত বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরে দিবসটি উপলক্ষ্যে কেক কাটা হয়। অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original