নিজেদের আঙিনায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা হয়নি বাংলাদেশের। তবে ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল ঠিকই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ পর্যন্ত নাটকীয় জয় পেয়েছে ভারত। ম্যাচের শেষ দিকে সানদীপ মান্ডির গোলে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে অবশ্য দাপট দেখিয়েছিল পাকিস্তান। প্রথমার্ধের বেশির ভাগ সময় ভারতের রক্ষণে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ চালায় তারা। একাধিক সুযোগ তৈরি করলেও ভারতীয় গোলরক্ষক অর্শ শেখের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না পাকিস্তান।
১৮ মিনিটে ম্যাককিল আবদুল্লাহর দারুণ এক অ্যাক্রোবেটিক প্রচেষ্টা ঠেকিয়ে দেন অর্শ। এর কিছুক্ষণ পর গোললাইন থেকে ভারতকে বিপদমুক্ত করেন এক ডিফেন্ডার। অন্যদিকে ভারতও আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি। ৩৪ মিনিটে অভিষেক সূর্যবংশীর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।
প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশেষে গোলের দেখা পায় পাকিস্তান। ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে জুনায়েদ শাহর বাড়ানো বল ডিফেন্ডার লুংডিমের গায়ে লেগে আলমগীর গাজির কাছে পৌঁছায়। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি। তাতে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে পাকিস্তান।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ৪৭ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। ৫১ মিনিটে বিষ্ণুর শট পাকিস্তানের গোলরক্ষকের গায়ে লেগে পোস্টে আঘাত করে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় স্বাগতিক দর্শকদের সমর্থন পাওয়া ভারতের। ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রিসন ফার্নান্দেসের পায়ে লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন জুনায়েদ শাহ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় পাকিস্তানকে।
একজন বেশি খেলোয়াড় নিয়ে সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। লাল কার্ড দেখানোর এক মিনিট পরই সমতায় ফেরে তারা। ডান দিক থেকে লুংডিমের ক্রস পেয়ে ম্যাককার্টনের নেওয়া শট ঠিকমতো না হলেও বল পেয়ে যান সুহাইল ভাট। প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠিয়ে ১-১ করেন তিনি। সমতা ফেরানোর পর ভারতের আক্রমণের গতি আরও বাড়ে। ৬৭ মিনিটে বিষ্ণুর শট দারুণভাবে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক। একের পর এক আক্রমণেও গোল পাচ্ছিল না ভারত। মনে হচ্ছিল, ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে।
তবে নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে নাটকীয় মুহূর্ত উপহার দেন সানদীপ মান্ডি। ৮৮ মিনিটে কর্নার থেকে আবদুল রাবিহের বাড়ানো বল মাথা ছুঁইয়ে জালে পাঠান ভারতের এই ডিফেন্ডার। এতে উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। জার্সি খুলে উদ্যাপনে মাতেন গোলদাতা মান্ডি। শেষ পাঁচ মিনিটের যোগ করা সময়ে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় পাকিস্তান। তবে ভারতের রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য আরও বাড়াল ভারত। প্রতিযোগিতার ইতিহাসে এটি তাদের দশম শিরোপা। একই সঙ্গে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করল দলটি। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পাওয়া হলো না পাকিস্তানের।
এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়েও পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে তারা। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে বিদায় করে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে আর ইতিহাস গড়া হলো না তাদের।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.