কিছুদিন আগে আমার এক শিক্ষার্থী ক্লাসে প্রশ্ন করেছিল, স্যার, আমাদের দেশে এত প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য থাকা সত্ত্বেও বিদেশি পর্যটকেরা বাংলাদেশে আসতে আগ্রহী হন না কেন? প্রশ্নটি আপাতদৃষ্টিতে সরল হলেও এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের পর্যটনশিল্পের দীর্ঘদিনের একটি মৌলিক সংকট। একজন পর্যটনবিষয়ক শিক্ষার্থী হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবেও প্রশ্নটি আমাকে ভাবিয়েছে। কারণ, পর্যটনের শ্রেণিকক্ষে আমরা যে সম্ভাবনার কথা পড়াই, দেশের বাস্তব পর্যটনচিত্র তার সঙ্গে সব সময় সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের পর্যটনসম্পদের অভাব নেই, কিন্তু সেই সম্পদকে আন্তর্জাতিক পর্যটকের কাছে আকর্ষণীয় অভিজ্ঞতায় রূপান্তর করার সক্ষমতায় ঘাটতি রয়েছে।
পরিসংখ্যানও সেই বাস্তবতারই প্রতিফলন। ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ছিল প্রায় ৫ লাখ ৮৫ হাজার। একই সময়ে শ্রীলঙ্কায় পর্যটক গেছেন প্রায় ২৩ লাখ ৬০ হাজার, মালদ্বীপে ২২ লাখ ৫০ হাজার এবং নেপালে ১১ লাখ ৬০ হাজার। অর্থাৎ পর্যটক আকর্ষণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। অথচ আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদ, সিলেটের চা বাগান, নদী ও হাওরকেন্দ্রিক জীবনযাত্রা। রয়েছে ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, কান্তজির মন্দিরসহ সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন। প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির বিচিত্র উপাদানে বাংলাদেশ নিঃসন্দেহে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য। কিন্তু সম্ভাবনা আর সাফল্য এক বিষয় নয়। সম্ভাবনাকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে প্রয়োজন পরিকল্পনা, বিনিয়োগ, দক্ষতা ও কার্যকর ব্যবস্থাপনা।
উদ্বেগের বিষয় শুধু এই নয় যে আমরা প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে আছি, বরং আমাদের পর্যটক আগমনের ধারাবাহিকতাও নিম্নমুখী। ২০২৩ সালে বাংলাদেশে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৫৫ হাজার, ২০২৪ সালে তা কমে দাঁড়ায় প্রায় ৬ লাখ ৩৩ হাজারে। ২০২৫ সালে এই সংখ্যা আরও কমে প্রায় ৫ লাখ ৮৫ হাজারে নেমে আসে। চলতি বছরের প্রথম ছয় মাসেও পর্যটক আগমনের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হচ্ছে।
এই সূচকের একটি দিক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের তুলনামূলক শক্তির জায়গা প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ, অথচ দুর্বলতা পর্যটনসেবা, অবকাঠামো ও পর্যটনবান্ধব পরিবেশে। বিষয়টি আমাদের উন্নয়নচিন্তার একটি মৌলিক অসংগতি তুলে ধরে। যে সম্পদ প্রকৃতি আমাদের দিয়েছে, তার সম্ভাবনা নিয়ে আমরা গর্ব করি; কিন্তু যে সেবা, ব্যবস্থাপনা ও অবকাঠামো নিজেদের তৈরি করার কথা, সেখানে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারিনি। পর্যটনের ভাষায় বললে, আমাদের গন্তব্য আছে, কিন্তু গন্তব্যকে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতায় পরিণত করার সক্ষমতা এখনো পর্যাপ্ত নয়।
আরেকটি বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন। বাংলাদেশে আগত বিদেশিদের একটি বড় অংশের ভ্রমণের উদ্দেশ্য পর্যটন নয়; তাঁদের অনেকে আসেন ব্যবসা, চাকরি, পারিবারিক প্রয়োজনে কিংবা অন্যান্য কাজে। বিভিন্ন হিসাব অনুযায়ী, বিদেশি আগন্তুকদের মধ্যে নিছক ভ্রমণের উদ্দেশ্যে আসা মানুষের অনুপাত আনুমানিক ১৫ শতাংশ। অর্থাৎ আন্তর্জাতিক পর্যটনবাজারে বাংলাদেশের প্রকৃত আকর্ষণ ও অবস্থান বুঝতে হলে মোট বিদেশি আগমনের পাশাপাশি অবকাশযাপনে আসা পর্যটকের সংখ্যাও আলাদাভাবে বিবেচনা করতে হবে।
প্রশ্ন হলো, বাংলাদেশের পর্যটনসম্পদ থাকা সত্ত্বেও বিদেশি পর্যটকেরা কেন আগ্রহ হারাচ্ছেন? এর উত্তর একটি বা দুটি কারণে সীমাবদ্ধ নয়। বরং নিরাপত্তা, যোগাযোগ, ভিসা, সেবা, অবকাঠামো, প্রচার ও নীতিগত সমন্বয়ের মতো একাধিক বিষয়ের সম্মিলিত প্রভাব এখানে কাজ করছে।
প্রথমত, পর্যটনের সঙ্গে নিরাপত্তার সম্পর্ক অবিচ্ছেদ্য। একজন বিদেশি পর্যটক কোনো দেশে ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যক্তিগত নিরাপত্তা এবং জরুরি সহায়তা পাওয়ার সুযোগ বিবেচনা করেন।
দ্বিতীয়ত, ভিসা ও প্রবেশ প্রক্রিয়ার জটিলতা পর্যটক আকর্ষণের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। বর্তমান বিশ্বে পর্যটকেরা দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা প্রত্যাশা করেন। অনেক দেশ ইলেকট্রনিক ভিসা, অনলাইন আবেদন ও দ্রুত অভিবাসনসেবা চালুর মাধ্যমে পর্যটকদের ভ্রমণ সহজ করেছে। সেখানে বাংলাদেশের ভিসা প্রক্রিয়া, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিংবা তথ্যপ্রাপ্তির জটিলতা অনেক ক্ষেত্রে নেতিবাচক অভিজ্ঞতার কারণ হতে পারে। পর্যটকের প্রথম অভিজ্ঞতা শুরু হয় বিমানবন্দরে। সেখানকার সেবা যদি দীর্ঘসূত্রতা ও জটিলতায় পূর্ণ হয়, তাহলে দেশের আতিথেয়তা সম্পর্কে তাঁর প্রাথমিক ধারণাই বাধাগ্রস্ত হয়।
তৃতীয়ত, পর্যটন অবকাঠামো ও সেবার মানে আমাদের ঘাটতি রয়েছে। একটি পর্যটনকেন্দ্রে শুধু প্রাকৃতিক সৌন্দর্য থাকলেই পর্যটক সন্তুষ্ট হন না। প্রয়োজন পরিচ্ছন্ন শৌচাগার, নিরাপদ যাতায়াত, মানসম্মত আবাসন, নির্ভরযোগ্য পরিবহন, প্রশিক্ষিত ট্যুর গাইড, বহুভাষিক তথ্যসেবা এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা।
চতুর্থত, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন বিপণন ও প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর পর্যটনবাজারে প্রতিযোগিতা এখন আর শুধু প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশগুলো নিজেদের স্বতন্ত্র পরিচিতি, সংস্কৃতি, খাবার, জীবনযাত্রা ও পর্যটন অভিজ্ঞতাকে পরিকল্পিতভাবে উপস্থাপন করছে।
এ কারণে পর্যটন উন্নয়নে সরকারের দায়িত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বেসরকারি উদ্যোক্তা ও সাধারণ মানুষের ভূমিকাও অপরিহার্য। সরকারের প্রথম কাজ হওয়া উচিত পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
অন্যদিকে, বেসরকারি পর্যটন উদ্যোক্তাদের বুঝতে হবে, পর্যটন ব্যবসার সবচেয়ে বড় পুঁজি পর্যটকের আস্থা। সেবার মান বজায় রাখা, মূল্যতালিকা প্রকাশ, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, কর্মীদের পেশাগত প্রশিক্ষণ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও ট্যুর অপারেটরদের আন্তর্জাতিক আতিথেয়তার মানদণ্ড অনুসরণ করতে হবে। কর্মীদের ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং পেশাদার আচরণে বিনিয়োগ করতে হবে।
জাতীয় পর্যটন মহাপরিকল্পনাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২৪ থেকে ২০৪১ মেয়াদে পর্যটন খাতের পরিকল্পিত উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার লক্ষ্য ২০২৭ সালের জানুয়ারির মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়ায় অগ্রসর হওয়া। তবে কোনো মহাপরিকল্পনার সাফল্য তার পৃষ্ঠার সংখ্যা কিংবা আকর্ষণীয় প্রতিশ্রুতিতে নির্ধারিত হয় না।
বাংলাদেশের পর্যটন উন্নয়নের প্রশ্নটি তাই শুধু বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর প্রশ্ন নয়। এটি কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয় অর্থনীতির বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার প্রশ্ন। বিশেষ করে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের মতো সম্ভাবনাময় এলাকায় পরিকল্পিত পর্যটন স্থানীয় মানুষের বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে পারে।
আমার শিক্ষার্থীর সেই প্রশ্নের উত্তর এখন হয়তো আরও স্পষ্ট করে দিতে পারি। বাংলাদেশে পর্যটক আসার মতো সম্পদের অভাব নেই। অভাব রয়েছে সেই সম্পদকে নিরাপদ, সহজলভ্য, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানের পর্যটন অভিজ্ঞতায় রূপান্তর করার ক্ষেত্রে। প্রকৃতি আমাদের গন্তব্য দিয়েছে, ইতিহাস দিয়েছে স্বাতন্ত্র, সংস্কৃতি দিয়েছে পরিচয়।
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে একজন বিদেশি পর্যটক শুধু সুন্দরবনের সৌন্দর্য দেখতে আসবেন না, বরং এ দেশের মানুষের আন্তরিকতা অনুভব করবেন; শুধু কক্সবাজারের সমুদ্রসৈকত দেখবেন না, বরং পরিচ্ছন্নতা ও নিরাপত্তার নিশ্চয়তা পাবেন; শুধু পাহাড়ের দৃশ্য উপভোগ করবেন না, বরং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান ও দায়িত্বশীল পর্যটনের অভিজ্ঞতা নিয়ে ফিরবেন।
আন্তর্জাতিক পর্যটনবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের আর শুধু নিজেদের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে আত্মতৃপ্ত থাকলে চলবে না। সম্পদকে সম্ভাবনায়, সম্ভাবনাকে সেবায় এবং সেবাকে পর্যটকের সন্তুষ্টিতে রূপান্তর করতে হবে।
লেখক: বিভাগীয় প্রধান,পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ,সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.