অবশেষে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা রূপসা ঘাটে চালু হতে যাচ্ছে। পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনসহ প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে। তবে নিকটেই খানজাহান আলী (রূপসা) সেতু থাকায় এ ঘাটের ফেরিতে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিকশা, ঠেলাগাড়ি ও সাধারণ মানুষ ছাড়া কোনো যানবাহন পারাপার করা হবে না।
ঘাটের দুই প্রান্তের গ্যাংওয়ে দীর্ঘদিন ধরে মারাত্মক জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় পারাপারের যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে আসছিলো। এছাড়া মাঝিদের বিরুদ্ধে রয়েছে অতিরিক্ত ভাড়া ও অধিক যাত্রী বহনের অভিযোগ। ঘাট পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রচেষ্টায় ফেরি চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ লক্ষ্যে সংস্থাটির খুলনা কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠানো হয় ঢাকায়। পরে গত ৪ অক্টোবর রূপসা ঘাটে ফেরির প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌপরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি ঘাটের ইজারাদার প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ফেরি চলাচলের উপযোগী পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনের নির্দেশ দেয়। সে আলোকে ইতোমধ্যে পশ্চিমঘাটে নতুন গ্যাংওয়ে স্থাপন করা হয়েছে। পূর্ব প্রান্তের নতুন গ্যাংওয়ে স্থাপনের লক্ষ্যে পন্টুনও পাশে সরিয়ে রাখা হয়েছে। আপাতত পূর্ব রূপসা বাজারের পণ্য আনলোড করা ঘাট দিয়ে চলছে যাত্রী পারাপার। ঘাটের দু’পারের কাজ শেষ হওয়ার পর বিআইডব্লিউটিএর কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন নিয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটিএর খুলনার উপ পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ঘাটের ইজারা আমরা দিলেও ফেরি চালুর বিষয়টি বিআইডব্লিউটিসির হাতে। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান বলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রচেষ্টায় রূপসা ঘাটে ফেরি অনুমোদন হয়েছে। ঘাটের গ্যাংওয়ের কাজ শেষ হলে ফেরি চলাচল শুরু হবে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এখানে নিয়মিত দুটি ফেরি চলাচল করবে বলে তিনি জানান।
বিআইডব্লিউটিসি খুলনার ব্যবস্থাপক (হিসাব) মোঃ মানজুর ইশতিয়াক বলেন, রূপসা ঘাটে মানুষের দুর্ভোগ ও দুর্দশার বিষয়টি বিবেচনায় নিয়ে ফেরির প্রয়োজনীয়তা উল্লেখ করে ঢাকা কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। কবে থেকে এবং কয়টি ফেরি এ ঘাটে চলাচল করবে, তা ঢাকা অফিস বলতে পারবে।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসির ঢাকা কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, খুলনা অফিসের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রূপসা ঘাটে ফেরির প্রয়োজনীয়তা উল্লেখ করে গত ৪ অক্টোবর মন্ত্রণালয় ও সচিবালয়ে প্রতিবেদন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ফেরি চলাচলের উপযোগী পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনের নির্দেশ দিয়েছে। এসব কাজ শেষ হওয়ার পর বিআইডব্লিউটিএর কাছ থেকে তথ্য পাওয়ার ভিত্তিতে মন্ত্রণালয়ে আবারও প্রতিবেদন দেওয়া হবে। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে।
রূপসা বাজারের ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রূপসা ঘাটে অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটের মাঝিদের কাছে সাধারণ মানুষ অনেকটা জিম্মি। অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার চেয়ে অধিক যাত্রী বহন নিত্যদিনের ঘটনা। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমন একটি গুরুত্বপূর্ণ ঘাটে ফেরি চলাচল শুরু হলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।
কলেজ শিক্ষার্থী আরিকা আফরিন বলেন, কলেজের ক্লাশ ও কোচিং করার জন্য প্রতিদিন ঘাট পার হয়ে শহরে যেতে হয়। কিন্তু ঘাটের অব্যবস্থাপনায় আমরা খুবই সমস্যায় পড়ি। এ ঘাটে ফেরি চালু হলে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ উপকৃত হবে।
বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুসাইন বলেন, রূপসা ঘাটে ফেরি চলাচল এ অঞ্চলের জন্য আশীর্বাদ হবে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় তিনি স্থানীয় এমপি আজিজুল বারী হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
স্থানীয় সংবাদকর্মী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, রূপসা ঘাটে ফেরি চলাচলের এমন স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। অবশেষে স্থানীয় এমপি সাধারণ মানুষের সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। ফেরি চলাচলের মাধ্যমে একদিকে মানুষের ভোগান্তি ও মাঝিদের দৌরাত্ম্য কমবে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.