রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে চাপা পড়ে খলিলুর রহমান খান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান খান উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে এবং স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণ কাজ করতেন খলিলুর রহমান। শুক্রবার সকালে তিনি নৈহাটি ইউনিয়নের দেবীপুর সুতালের বটতলা সংলগ্ন একটি রাইস মিলে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। কাজের একপর্যায়ে আকস্মিকভাবে পাশের একটি নির্মাণাধীন ইটের দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি ইটের স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.