
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকার সাভারে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করলে পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ১১২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দুপুরে উলাইল এলাকার ‘আল মুসলিম গ্রুপ’-এর পোশাক শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ শ্রমিকদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের উভয় পাশে অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া এলাকায় আজকের জন্য মোট ১১২টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রমিক অসন্তোষজনিত কারণে ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ১৪টি কারখানা বন্ধ রয়েছে এবং নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ৮টি কারখানায়।
শ্রমিক পুলিশ সংঘর্ষের বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবিলুল হক বলেন, “দুপুরের খাবারের বিরতির আগ পর্যন্ত উলাইল এলাকার আল মুসলিম গ্রুপের শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজ করছিলেন। পার্শ্ববর্তী দু-একটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে সেখানকার শ্রমিকরাও সুশৃঙ্খলভাবে কর্মস্থল ত্যাগ করেন। তবে বিরতির পর এখানে কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করলে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।”
তিনি আরও জানান, আল মুসলিম গ্রুপে প্রায় ২১ হাজার শ্রমিক কর্মরত আছেন। ছুটি ঘোষণার পর প্রায় ৯৫ শতাংশ শ্রমিক শান্তিপূর্ণভাবে চলে গেলেও বাকি প্রায় ৫ শতাংশ শ্রমিক আগ্রাসী আচরণ করে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং দায়িত্বরত সাংবাদিকদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনে বহিরাগতদের ইন্ধন ছিল দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “পাশের দিক থেকে কালো ও সাদা মাস্ক পরিহিত কিছু বহিরাগত লোক এখানে অনুপ্রবেশ করেছিল এবং তারাই মূলত বিশৃঙ্খলায় নেতৃত্ব দিচ্ছিল।”
শ্রমিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আগামী ১ ডিসেম্বর থেকেই শ্রমিকরা বর্ধিত হারে বেতন পাবেন। আর মাত্র ১২ দিন বাকি। এর মধ্যেই সরকার একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। আপনারা সরকারের ওপর আস্থা রাখুন এবং কোনো নাশকতাকারীর ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে যোগ দিন। এই গার্মেন্টস শিল্প আপনাদেরই প্রতিষ্ঠান; এটি ধ্বংস হলে লক্ষ লক্ষ শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন।”
বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.