Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
Khulna

স্কুটির হ্যান্ডেলে খুলনার অদম্য নারীরা, নিজের পথ নিজেই বেছে নেওয়ার গল্প

‘মনে হতো, রাস্তা দিয়ে কোনো এলিয়েন চলছে!’ স্কুটি চালিয়ে প্রথম যখন রাস্তায় নামতেন, মানুষের কৌতূহলী দৃষ্টি দেখে এমনটাই মনে হতো খুলনার নার্স মেহেজাবিন আফরিনের। কখনো অন্য চালকদের অসহযোগিতা, কখনো মানুষের […]

Read on Khulna Gazette Link copied
স্কুটির হ্যান্ডেলে খুলনার অদম্য নারীরা, নিজের পথ নিজেই বেছে নেওয়ার গল্প
Photo: Khulna Gazette

‘মনে হতো, রাস্তা দিয়ে কোনো এলিয়েন চলছে!’ স্কুটি চালিয়ে প্রথম যখন রাস্তায় নামতেন, মানুষের কৌতূহলী দৃষ্টি দেখে এমনটাই মনে হতো খুলনার নার্স মেহেজাবিন আফরিনের। কখনো অন্য চালকদের অসহযোগিতা, কখনো মানুষের অদ্ভুত দৃষ্টির মুখোমুখি হতে হয়েছে তাকে। তবু থেমে থাকেননি। পাঁচ বছর ধরে স্কুটি চালিয়ে এখন কর্মস্থলসহ নানা গন্তব্যে নিজের মতো করে যাতায়াত করছেন তিনি।

মেহেজাবিনের মতো খুলনা শহরের অনেক নারীই এখন স্কুটিকে বেছে নিয়েছেন চলাচলের বাহন হিসেবে। চাকরিজীবী, গৃহিণী কিংবা শিক্ষার্থী বিভিন্ন বয়স ও পেশার নারীরা প্রতিদিন স্কুটি নিয়ে বের হচ্ছেন রাজপথে।

২০২১ সালে নার্স হিসেবে পেশাজীবন শুরু করার পর হাসপাতালে যাতায়াতে নানা ভোগান্তিতে পড়তে হতো মেহেজাবিনকে। অটো বা রিকশার জন্য রাস্তায় অপেক্ষা করতে গিয়ে অনেক সময় ডিউটিতে পৌঁছাতে দেরি হতো। এসব ভোগান্তি এড়াতেই স্কুটি চালানো শেখেন তিনি।

মেহেজাবিন বলেন, রাস্তায় প্রথম নামার সময় কিছুটা ভয় কাজ করত। মানুষ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকত। মনে হতো, রাস্তা দিয়ে কোনো ‘এলিয়েন’ চলছে! অনেক সময় অটো, রিকশা বা বাসচালকেরাও ইচ্ছাকৃতভাবে পাশ দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতেন। তবে প্রতিকূলতার পাশাপাশি অনেকের কাছ থেকে উৎসাহও পেয়েছেন তিনি। সবচেয়ে বড় শক্তি ছিল বাবার সমর্থন। ট্রাফিক আইন মেনে চলা ও সতর্কতার বিষয়ে বাবা সব সময় তাঁকে সহযোগিতা করেছেন।

মেহেজাবিনের বাবা বলেন, মেয়েরা আজকাল কোথাও পুরোপুরি নিরাপদ নয়। আমার মনে হয়, অন্যান্য মেয়েদেরও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুটি চালানো শেখা উচিত। তবে অবশ্যই ট্রাফিক আইন মেনে এবং পূর্ণ সতর্কতার সঙ্গে তা চালাতে হবে।

গৃহিণী তানিয়ার দৈনন্দিন সঙ্গী স্কুটি : ছয় বছর ধরে স্কুটি চালাচ্ছেন গৃহিণী তানিয়া রহমান। তাঁর এক ছেলে। সকালে স্বামী অফিসের কাজে ব্যস্ত থাকায় ছেলেকে স্কুলে আনা-নেওয়ার দায়িত্ব নিজেই সামলান তিনি। পরিবারের ছোট-বড় নানা কাজেও তার নির্ভরতার বাহন স্কুটি।

শুরুর দিকে পরিবার থেকে রাস্তায় সাবধানে চলার পরামর্শ দেওয়া হতো। চলার পথে নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। নারী চালক দেখে অনেক সময় অন্য চালকেরা সাইড দিতে চান না কিংবা চাপে ফেলার চেষ্টা করেন। তাই সব সময় কম গতিতে ও সতর্কতার সঙ্গে স্কুটি চালানোর চেষ্টা করেন তানিয়া।

তানিয়ার স্বামী বলেন, ‘প্রথম দিকে স্ত্রীকে স্কুটি চালাতে দিতে কিছুটা ভয় পেলেও এখন বিষয়টি আমাদের পরিবারের জন্য খুবই স্বাভাবিক। অন্য নারীদেরও এটি শেখা জরুরি, যাতে ছোটখাটো প্রয়োজনে তাঁদের অন্যের ওপর নির্ভর করতে না হয়।’

বনশ্রীর জরুরি মুহূর্তের ভরসা স্কুটি : প্রায় তিন বছর ধরে স্কুটি চালাচ্ছেন বনশ্রী কীর্ত্তনীয়া। দ্রুত ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে পৌঁছানোর তাগিদেই স্কুটি চালানো শেখেন তিনি। আগে বাস বা অটোতে যাতায়াত করতে গিয়ে বেশি সময় লাগত। পাশাপাশি গাদাগাদি করে চলাচলের ভোগান্তিও ছিল।

বনশ্রী বলেন, বাস বা অটোর ঝামেলা এড়িয়ে এখন নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে পারছি। প্রথম দিকে কিছুটা ভয় ও মানুষের কৌতূহলী দৃষ্টি থাকলেও নিজের ভেতর আত্মবিশ্বাস ছিল অটুট।

সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে স্কুটি চালানো শেখেন তিনি। এখন নিজেও অন্য নারীদের স্কুটি চালাতে উৎসাহ দেন।

বনশ্রী বলেন, আমার বাবা নেই। মাকে নিয়ে আমার একা থাকা। আমি আনসারে চাকরি করি। একদিন অফিসে থাকাকালে মা বাসায় অসুস্থ হয়ে পড়েন। ফোনে মায়ের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে আর দেরি করিনি। স্কুটি নিয়ে মাত্র ৪৫ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে মাকে হাসপাতালে নিয়ে যেতে পেরেছি। অথচ লোকাল বাসে করে অফিস থেকে বাসায় ফিরতে প্রায় এক ঘণ্টা সময় লাগত। স্কুটি না থাকলে ওই জরুরি মুহূর্তে মায়ের কাছে দ্রুত পৌঁছানো কঠিন হতো।

দূরের কর্মস্থলে মুশফিকার ভরসা স্কুটি : খুলনায় বসবাস করেন মুশফিকা মিলা। তিনি আশা এনজিওর দিঘলিয়া অফিসে চাকরি করেন। বাসা থেকে কর্মস্থলের দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতের সুবিধার্থে অফিসের পরামর্শে স্কুটি চালানো শেখেন তিনি। প্রায় চার-পাঁচ মাস ধরে স্কুটি চালাচ্ছেন মুশফিকা। এখন নিজের স্কুটিতে সহজেই কর্মস্থলে যাতায়াত করছেন।

মুশফিকা বলেন, প্রথম যখন স্কুটি চালিয়ে যেতাম, তখন পথে কিছু বখাটে ছেলে নানা ধরনের মন্তব্য করত। পেছন থেকে শব্দ করে বলত, রেস দেবেন আপু? এভাবে অনেকবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছি। নানা ধরনের হয়রানিরও শিকার হয়েছি। স্কুটি চালানো শেখার পর যাতায়াত অনেক সহজ হয়েছে। আমার মনে হয়, প্রত্যেক নারীরই স্কুটি চালানো শেখা উচিত।

শিক্ষার্থী তামান্নার নিত্যদিনের বাহন : বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না দুই বছর ধরে স্কুটি চালাচ্ছেন। শিক্ষাজীবনে ক্লাস, পরীক্ষা, কোচিং কিংবা ব্যক্তিগত প্রয়োজনে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে। আগে কলেজ বাসের জন্য অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষা ও যাতায়াতের ভোগান্তি এড়াতে স্কুটিকে বেছে নেন তিনি। এখন নিজের সুবিধামতো সময়ে স্কুটিতে করে কলেজসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারেন।

তামান্না বলেন, ‘যেদিন আমার ক্লাস থাকে, সেদিন স্কুটি নিয়ে তাড়াতাড়ি কলেজে পৌঁছে ক্লাস করতে পারি। কলেজে নতুন ভর্তি হওয়ার প্রথম বছর একদিন বাসের জন্য অপেক্ষা করছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেদিন বাসে সিট পাইনি। ছেলেদের সঙ্গে গা ঘেষে দাঁড়িয়ে যাতায়াত করতে আমার অস্বস্তি লাগে। ওই ঘটনার পর থেকেই মনে হয়েছিল, আমার একটি স্কুটি প্রয়োজন। পাশাপাশি নিজে চালানো শেখাটাও জরুরি। এরপর স্কুটি চালানো শিখি। এখন যাতায়াতের ক্ষেত্রে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি।

প্রশিক্ষকের চোখে নারীদের আগ্রহ : লেডি বাইকার ট্রেনিং সেন্টার খুলনার প্রশিক্ষক এশা শেখ বলেন, ‘খুলনায় নারীদের স্কুটি চালানো শেখার আগ্রহ দিন দিন বাড়ছে। বর্তমানে আমাদের রানিং ব্যাচে ১২ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রথম দিকে বেশ ভীত থাকেন। কারণ, অনেক নারী আগে নিয়মিত বাইরে চলাচল করেননি কিংবা নিজেরা কোনো যানবাহন চালানোর অভ্যাসও তাদের নেই। তবে প্রশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে তাদের ভয় কেটে যায়।

আমাদের এখানে প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২৫ জন নারী প্রশিক্ষণ নেন। কোনো মাসে প্রশিক্ষণার্থীর সংখ্যা কম-বেশিও হয়। এ পর্যন্ত প্রায় এক হাজার থেকে দেড় হাজার নারীকে স্কুটি চালানো শিখিয়েছি।

স্কুটি চালানো মূলত ভারসাম্য রক্ষার বিষয়। যারা সাইকেল চালাতে পারেন, তাদের জন্য বিষয়টি কিছুটা সহজ হয়। তবে সাইকেল চালাতে না জানলেও স্কুটি শেখা সম্ভব। কয়েক দিনের নিয়মিত অনুশীলনেই অনেকের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। প্রশিক্ষণের সময় শুধু স্কুটি চালানোই নয়, ট্রাফিক আইন সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

নারীদের দক্ষতায় সন্তুষ্ট ট্রাফিক বিভাগ : খুলনা শহরে নারীদের স্কুটি চালানোর দক্ষতা ও ট্রাফিক আইন মেনে চলার প্রবণতার প্রশংসা করেছেন খুলনার ডিসি ট্রাফিক শফিকুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে বলেন, খুলনা শহরে নারীরা অত্যন্ত দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে স্কুটি চালাচ্ছেন। চালানোর দক্ষতা কিংবা সক্ষমতার দিক থেকে তারা পুরুষদের চেয়ে কোনো অংশে কম নন। বরং ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রেও নারীদের মধ্যে সচেতনতা বেশি দেখা যায়। আমার অফিসের সার্জেন্ট শীলা ও সার্জেন্ট সুবর্ণাও স্কুটি চালান। দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে আমিও তাদের দক্ষতা দেখেছি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original