বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য থাকা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সংঘাতের বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে সহনীয় মাত্রায় থাকার কথাও বলেন তিনি। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। সোমবার (২৩ নভেম্বর) প্রেসক্লাবে ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।
মাইকেল মিলার বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে টেকসই দেখতে চায় ইইউ। বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে সংস্থাটি। তিনি আরও জানান, আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম আগোনোর ক্ষেত্রে বাধা আসবে তুলে ধরে মাইকেল মিলার বলেন, এখন বাংলাদেশে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা দেখছি। তবে, আমরা সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি, তখন একটা বার্তা পৌঁছে দিই, প্রতিক্রিয়া সমানুপাতিক হতে হবে এবং আমার বিবেচনায় প্রতিক্রিয়া সমানুপাতিক হয়েছে।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহন আগুন দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়। ফরিদপুরে বাসে আগুন ও হামলায় নিহত হন কৃষকদলের নেতাসহ দুইজন। নড়াইলে মিছিলে হামলায় নিহত হন বিএনপির দুই নেতা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গেল বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির কারণে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেশি হচ্ছে। চলতি মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ মাসে দুইটা লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।
শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সংঘাতের সঙ্গে সীমারেখা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ করা যেতে পারে। কিন্তু সীমাটা কি? সীমাটা হচ্ছে, যদি কোনো কর্মকাণ্ড বেআইনি হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্ন করে; যেখানে ব্যক্তিবর্গ বা সংগঠনগুলো সংঘাত পরিহার করে না বরং উল্টো উৎসাহিত করে। অবশ্যই এটাকে গ্রহণ করা সম্ভব নয়।
তিনি বলেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো সংস্থাই সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে হ্যাঁ বলবে, কিন্তু না বলবে সংঘাতের উস্কানি বা ঘৃণার বিরুদ্ধে।
রাজনৈতিক রূপান্তরের সময়ে এ ধরনের চ্যালেঞ্জ থাকার কথা তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে কী রকম সংগ্রাম করতে হয়, তা ইউরোপের বিভিন্ন দেশের রয়েছে। বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক একই রকম ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ পার করেছে।
তিনি বলেন, আমি আমার বক্তব্যে যেটা বলার চেষ্টা করেছি, রাজনৈতিক রূপান্তর জটিল প্রক্রিয়া। সেটা রাতারাতি অর্জন করা যায় না। এক্ষেত্রে অনেক বছর সময় লাগে এবং আপনাকে সংস্কারের ক্ষেত্রে নির্দয় হতে হবে। এ কারণে সংস্কারের বিষয়ে সমর্থনের পরিষ্কার বার্তা দিতে নির্বাচনের পর থেকে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করার কথা বলেন তিনি।
মাইকেল মিলার বলেন, রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জাতীয় সংসদে আসা রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করি আমরা।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তার সব ধরনের আস্থা আছে। তৈরি পোশাক খাতের মজুরি নিয়েও উন্নতি হওয়ার আশা করছেন তিনি।
তিনি বলেন, আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই এবং যেটা সমৃদ্ধ। আমাদের এটা খুবই সাধারণ: এটা বলতে বুঝায় ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং এটাতে বুঝায় আইনের শাসনের প্রতি সম্মান। এবং আমি বলব যে, এর মানে হচ্ছে এখন সংঘাত ত্যাগ করা এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তাকে সম্মান জানানো। আমি মনে করি, এই বিষয়গুলো পরিষ্কার।
রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে সংস্কার উদ্যোগের কথা বলতে গিয়ে মাইকেল মিলার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থার জায়গাটা ‘ফাঁকা করে ফেলা’ হয়েছিল। তিনি বলেন, গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয় এবং এর মানে শুধু পার্লামেন্ট নয়। এটা হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়।
মিলার বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী শাসকদের অধীনে আমরা দেখেছি যে, নাগরিক এবং আপনাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আস্থাটাকে ফাঁকা করে ফেলা হয়েছিল। কেবল এভাবে বলতে পারি বলে আমি মনে করছি। এমনভাবে ফাঁকা করে ফেলা হয়েছিল যে, যেন সেগুলো ছিল অনুপস্থিত।
এদিকে, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আন্দোলনের যৌক্তিক সমাধানের পক্ষেও অবস্থান জানিয়েছে ইইউ।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.