বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীদের শুধু আর্থিক রেমিট্যান্স নয়, মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। এজন্য দেশে ফিরে কাজ করার মতো পরিবেশ তৈরি করতে হবে।
রবিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময় : ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিরা।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করব।
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা কখনো ভুলে যাওয়ার নয়। দেশের গণমাধ্যম যখন নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন।
তিনি বলেন, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার।
প্রবাসীদের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে ফিরলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। যাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অতীতেও তারা সোচ্চার ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাদের অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু মনোবল হারাননি। আহত যোদ্ধাদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, জাতির প্রয়োজনে তারা আবারও লড়াই করতে পারবেন কি না। জবাবে একজন বলেছেন, ‘একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করব।
তিনি বলেন, যারা চোখ হারিয়েছেন, তারাও অন্যের হাত ধরে দেশের প্রয়োজনে এগিয়ে আসার প্রত্যয় জানিয়েছেন। একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই আন্দোলনে এসেছেন। এই মায়েরা ও যোদ্ধারাই তাদের শক্তি।
জুলাই অভ্যুত্থানের লক্ষ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা। আন্দোলনের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা সংসদেও কথা বলেছেন। জনগণের রায় উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। কোনো চাপ বা প্রলোভনে তারা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না।
তরুণ প্রজন্মের নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তারা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। তার ভাষায়, বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর আমরা বসব প্যাসেঞ্জার সিটে। আমরা তাদের সহযোগিতা করব।
তিনি জানান, জামায়াতের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা বিশ্বাস করেন। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকার কথাও তুলে ধরেন।
সরকার ও বিরোধী দলের সম্পর্ক নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন হলে তারা সমর্থন দেবেন। আর ভুল হলে প্রতিবাদ করবেন। বিরোধী দলের দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোনো দল বা ব্যক্তি তাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাদের প্রতিপক্ষ। তারা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.