Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Kushtia

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ভারতীয় রাজনৈতিক নেতাদের বক্তব্য ও গণমাধ্যমে প্রকাশিত খবরের পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে আন্তর্জাতিক চেকপোস...

Read on Kushtia Protidin Link copied
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ভারতীয় রাজনৈতিক নেতাদের বক্তব্য ও গণমাধ্যমে প্রকাশিত খবরের পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে আন্তর্জাতিক চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি টহল ও সতর্ক অবস্থান দেখা গেছে।

বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।

ভারতের কলকাতাভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

তবে বেনাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে জানানো হয়েছে। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা-সাতক্ষীরা, মালদহের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফেরার আহ্বান জানান। মন্ত্রী অশোক কীর্তনীয়ার বক্তব্যেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রসঙ্গ উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির তৎপরতা আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বাড়াতে দেখা যায়।

এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল জোরদার করা হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।

The post শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original