Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Kushtia

ট্রাম্পের বারবার যোগাযোগের উদ্যোগেও সাড়া নেই কিমের, বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি

অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেও সাড়া পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোন, আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম এমনকি চিঠি পাঠানোর উদ্যোগও উপেক্ষা করেছে পিয়ংইয়ং। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ...

Read on Kushtia Protidin Link copied
ট্রাম্পের বারবার যোগাযোগের উদ্যোগেও সাড়া নেই কিমের, বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেও সাড়া পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোন, আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম এমনকি চিঠি পাঠানোর উদ্যোগও উপেক্ষা করেছে পিয়ংইয়ং। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ না দেখিয়ে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করছে উত্তর কোরিয়া।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর আনুষ্ঠানিক টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এরপর কিমের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেন ট্রাম্প। এ বিষয়ে অবগত কয়েকটি সূত্র জানায়, নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

পরিকল্পনা অনুযায়ী, উত্তর কোরিয়ার কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন মার্কিন কর্মকর্তারা। একপর্যায়ে দেশটির এক কূটনীতিক সেখান দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে চিঠিটি তুলে দেওয়া হয়। তবে পরে জাতিসংঘের একটি বৈঠকে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। এসব বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগে রাজি করানো। কিন্তু বর্তমানে কিমের এ বিষয়ে আগ্রহ নেই বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়তেও তিনি অনিচ্ছুক বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি এশিয়া সফরের সময় কিমের সঙ্গে আরেকটি বৈঠকের আয়োজনের চেষ্টা করেছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে সম্ভাব্য বৈঠক নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কিমের দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্র মেনে না নেওয়ায় উদ্যোগটি ভেস্তে যায় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

গত বছর প্রকাশিত এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে দরকষাকষি করে তা পরিত্যাগ করার কোনো ইচ্ছা নেই কিমের।

২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের সর্বশেষ সাক্ষাতের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা আগে ২০ থেকে ৩০টির মধ্যে থাকলেও বর্তমানে তা প্রায় ৬০টিতে পৌঁছেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম সলিড-ফুয়েলচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে দেশটি।

এদিকে, যুক্তরাষ্ট্রের বৈরী প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং। একই বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়ায় রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে উত্তর কোরিয়া।

গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে কিম বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে মেনে নেয়, তাহলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব। অন্যথায় দীর্ঘস্থায়ী বৈরিতা অব্যাহত থাকবে বলে সতর্ক করেন তিনি।

এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির ঘোষণার পর ট্রাম্প বলেছিলেন, এমন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে না। পরবর্তী সময়ে তিনি উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর জোর দেন। তাঁর ভাষ্য ছিল, শুধু একটি চুক্তি করে বিজয় ঘোষণা নয়, বরং উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করাই তাঁর লক্ষ্য।

২০১৮ সালের সেপ্টেম্বরে কিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন। পরের বছর দুই নেতার বৈঠকে কিম উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের কিছু স্থাপনা বন্ধ করার প্রস্তাব দেন। বিনিময়ে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তিনি। তবে ওই আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি।

সলিড-ফুয়েলচালিত ক্ষেপণাস্ত্র তৈরির ফলে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও বেড়েছে। এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরে রাখা যায় এবং চলন্ত যানবাহন থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। ফলে উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করা তুলনামূলক কঠিন হয়ে পড়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও অর্থ সংগ্রহ করছে উত্তর কোরিয়া। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনার সঙ্গে দেশটির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রতিবেদনে বলা হয়েছে, বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করা হয়েছে।

The post ট্রাম্পের বারবার যোগাযোগের উদ্যোগেও সাড়া নেই কিমের, বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original