Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Education

সাক্ষাতের শিষ্টাচারে ইসলামের অনন্য শিক্ষা

আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব কিংবা পরিচিতজনের সঙ্গে সাক্ষাত্ সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলাম মানুষের এই সামাজিক জীবনকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করতে সাক্ষাতের ক্ষেত্রেও দিয়েছে চমত্কার কিছু শিষ্টাচার। এসব শিষ্টাচার মেনে চললে […]

Read on Khulna Gazette Link copied
সাক্ষাতের শিষ্টাচারে ইসলামের অনন্য শিক্ষা
Photo: Khulna Gazette

আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব কিংবা পরিচিতজনের সঙ্গে সাক্ষাত্ সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলাম মানুষের এই সামাজিক জীবনকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করতে সাক্ষাতের ক্ষেত্রেও দিয়েছে চমত্কার কিছু শিষ্টাচার। এসব শিষ্টাচার মেনে চললে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি সামাজিক বন্ধনও সুদৃঢ় হয়।

সালাম ও হাসিমুখে সাক্ষাত্: মুসলমানদের পারস্পরিক সাক্ষাতের অন্যতম গুরুত্বপূর্ণ আদব হলো সালাম বিনিময় করা। সালাম শুধু সম্ভাষণ নয়; বরং এটি শান্তি, নিরাপত্তা ও কল্যাণের দোয়া। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যখন অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন জানাও অথবা অনুরূপ জবাব দাও।’ (সুরা: নিসা, আয়াত: ৮৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব, যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও।’ (মুসলিম, হাদিস: ৫৪)

সাক্ষাতের সময় হাসিমুখে কথা বলাও ইসলামের শিক্ষা। আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তাঁকে বলেন, ‘তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত্ করাও একটি সদকা।’ (তিরমিজি, হাদিস: ১৯৫৬) অর্থাত্, মানুষের সঙ্গে আন্তরিকতা ও প্রফুল্লচিত্তে মেশাও ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে।

মুসাফাহা ও পারস্পরিক সম্মান প্রদর্শন : সাক্ষাতের সময় মুসাফাহা করা মুসলমানদের সুন্দর সামাজিক রীতির অন্তর্ভুক্ত। আনাস ইবনে মালিক (রা.)-কে সাহাবায়ে কেরামের মধ্যে মুসাফাহার প্রচলন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হ্যাঁ। (বুখারি, হাদিস: ৬২৬৩)

তবে মুসাফাহার ক্ষেত্রেও ইসলামের শালীনতা ও পর্দার বিধান মেনে চলা জরুরি। বিশেষ করে গায়রে মাহরাম নারী-পুরুষের মধ্যে হাত মেলানো শরিয়তসম্মত নয়। তাই পারস্পরিক সৌজন্য প্রকাশ করতে গিয়ে শরিয়তের সীমারেখা অতিক্রম করা যাবে না।

বয়স, মর্যাদা ও সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করাও সাক্ষাতের গুরুত্বপূর্ণ শিষ্টাচার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (তিরমিজি, হাদিস: ১৯২০)

বর্তমান সমাজে পদ-পদবি ও অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতেই মানুষকে মূল্যায়নের প্রবণতা দেখা যায়। অথচ ইসলামে মানুষের মর্যাদার প্রকৃত মাপকাঠি তাকওয়া ও উত্তম চরিত্র। তাই একজন সাধারণ মানুষ কিংবা সমাজের উচ্চপদস্থ ব্যক্তি, সবার সঙ্গেই সম্মানজনক আচরণ করা উচিত।

অনুমতি গ্রহণ ও সময়ের প্রতি যত্নশীলতা : কারও বাসা-বাড়ি কিংবা অফিসে সাক্ষাত্ করতে গেলে অনুমতি নেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিষ্টাচার। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারও ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ করো এবং ঘরের অধিবাসীদের সালাম দাও।’ (সুরা: নুর, আয়াত: ২৭)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অনুমতি চাওয়ার বিধান করা হয়েছে দৃষ্টির হেফাজতের জন্য।’ (বুখারি, হাদিস: ৬২৪১) অর্থাত্, অনুমতি ছাড়া কারও ঘরে প্রবেশ করা কিংবা ঘরের ভেতরে উঁকি দেওয়া অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল।

সমসাময়িক জীবনে কারও সঙ্গে সাক্ষাতের আগে ফোন করে সময় নেওয়া, নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া এবং তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো এই শিক্ষারই বাস্তব প্রয়োগ। বিশেষ করে অফিস-আদালত ও প্রাতিষ্ঠানিক সাক্ষাতে সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

সমসাময়িক সাক্ষাতে ইসলামের শিক্ষা : বর্তমান সময়ে ব্যক্তিগত সৌজন্য সাক্ষাত্ থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈঠক, সব ক্ষেত্রেই মানুষের পারস্পরিক যোগাযোগ বেড়েছে। জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ সম্পর্ক উন্নয়ন, সমস্যা তুলে ধরা ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম।

তবে অনেক ক্ষেত্রে আন্তরিকতার পরিবর্তে সাক্ষাত্ আনুষ্ঠানিকতা, লোকদেখানো সৌজন্য ও ব্যক্তিস্বার্থের মাধ্যমে পরিণত হচ্ছে। প্রভাব-প্রতিপত্তি প্রদর্শন, অতিরিক্ত প্রটোকল প্রত্যাশা, অন্যকে অবমূল্যায়ন কিংবা ছবি ও প্রচারের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার প্রবণতাও দেখা যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, ‘তুমি মানুষের প্রতি অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে নিয়ো না এবং পৃথিবীতে অহংকারের সঙ্গে চলাফেরা করো না।’ (সুরা: লুকমান, আয়াত: ১৮)

ইসলামের দৃষ্টিতে সাক্ষাত্ কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়; বরং এটি মানুষের মধ্যে হূদ্যতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক দায়িত্ববোধ তৈরির একটি মাধ্যম।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original