Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Kushtia

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে আন্দোলনের হুঁশিয়ারি শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক: আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে প্রতিবাদ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সের মাধ্যমে নয়,...

Read on Kushtia Protidin Link copied
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে আন্দোলনের হুঁশিয়ারি শফিকুর রহমানের
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে প্রতিবাদ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সের মাধ্যমে নয়, তাঁদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনের মাধ্যমেও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এজন্য দেশে ফিরে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিরা।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী প্রবাসীদের মেধাভিত্তিক অবদান বা ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ কাজে লাগাতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন জন্মভূমিতে ফিরে এসে উন্নয়নে অংশ নিতে পারেন, সে পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। সুযোগ পেলে তাঁদের সঙ্গে অতিথির মতো নয়, বরং পরিবারের সদস্যের মতো আচরণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে জামায়াত আমির বলেন, দেশের গণমাধ্যম যখন নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সেসব ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাঁরা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেকে গ্রেপ্তার, কারাবরণ ও শাস্তির মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা অত্যন্ত কষ্টের ও লজ্জার বিষয়।

প্রবাসীদের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দুর্ব্যবহারের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দেশে ফেরার পর বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাঁদের অসম্মান ও হয়রানির শিকার হতে হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ অধিকার নিশ্চিত করার দাবিতে তাঁরা আগেও সোচ্চার ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হলে তাঁরা প্রতিবাদ করবেন।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক যোদ্ধা হাত-পা কিংবা চোখ হারিয়েছেন, কিন্তু তাঁদের মনোবল হারাননি। জাতির প্রয়োজনে আবারও লড়াই করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে আহত এক যোদ্ধা একটি পা হারানোর পরও ক্রাচে ভর করে দেশের জন্য লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

চোখ হারানো ব্যক্তিরাও অন্যের হাত ধরে দেশের প্রয়োজনে এগিয়ে আসার অঙ্গীকার করেছেন বলে উল্লেখ করেন শফিকুর রহমান। আন্দোলনে সন্তানকে সঙ্গে নিয়ে রাজপথে নামা মায়েদের সাহসিকতার কথাও তুলে ধরেন তিনি।

জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ব্যাখ্যা করে তিনি বলেন, বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল আন্দোলনের মূল আকাঙ্ক্ষা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ ছিল আন্দোলনের অন্যতম স্লোগান। এ অভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না; বরং মুগ্ধ, আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এবং রাজপথে অংশ নেওয়া সাধারণ মানুষই ছিলেন এর প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তাঁরা পুরো জাতির সম্পদ।

জুলাই-পরবর্তী রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত কার্যকর করার দাবি তাঁরা সংসদেও তুলে ধরেছেন। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশের রাজনীতি পরিচালনা করা সম্ভব নয়। কোনো চাপ বা প্রলোভনে তাঁরা নিজেদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না বলেও জানান তিনি।

তরুণ নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে শফিকুর রহমান বলেন, তাঁরা বাংলাদেশকে তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে চান। তাঁর ভাষায়, দেশের নেতৃত্বের ককপিটে তরুণরা থাকবে, আর প্রবীণরা তাঁদের সহযোগিতা করবেন। তিনি জানান, জামায়াতের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হবে, আর ভুল হলে প্রতিবাদ জানানো হবে। জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করাই বিরোধী দলের দায়িত্ব। একই সঙ্গে যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা, দুর্নীতি প্রতিরোধ এবং সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়; দেশের বিরুদ্ধে অপকর্মই তাঁদের প্রতিপক্ষ। তাঁরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবলী সোহাইল, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

The post স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে আন্দোলনের হুঁশিয়ারি শফিকুর রহমানের appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original