গত ১৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ইয়েমেনজুড়ে ৮৫৪টি অভিযান পরিচালনা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এসব অভিযানে হতাহত হয়েছেন কমপক্ষে ১৯৩ জন হুথি যোদ্ধা।
এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেছেন, সেনাবাহিনীর চলমান ডন অব ইয়েমেন অভিযানের অংশ হিসেবে এসব হামলা পরিচালনা করা হয়েছে; আর অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করছে হুথিবিরোধী সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্স।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার এ অভিযানে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে ৩১টি বিমান হামলা, ৯১টি ড্রোন হামলা, ৪৫টি রকেট লাঞ্চার হামলা এবং ৬৮৭টি আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ করা হয়েছে। এসব হামলায় ১৯৩ জন যোদ্ধাকে হতাহতের পাশাপাশি হুথিদের ৮১টি পরিবহন যান এবং সামরিক সরঞ্জামও ধ্বংস বা অকেজো করে দেওয়া হয়েছে।
ইয়েমেনের আল-জওফ ও মারিব ফ্রন্টে সম্মুখসারিতে মোতায়েন করা বাহিনী হুথিদের অবস্থানের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। তারা হুথি ফিল্ড কমান্ডারদের লক্ষ্যবস্তু করেছে এবং শত্রুপক্ষের গোলাবর্ষণের উৎসগুলো নিষ্ক্রিয় করেছে।
এছাড়া তাইজ শহরে সরকারি বাহিনী ও ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর যোদ্ধারা হুথিদের গতিবিধির মোকাবিলা করেছে এবং তাদের বিভিন্ন অবস্থান ও জমায়েতস্থলে আঘাত হেনেছে। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টেও মাঠপর্যায়ের পরিস্থিতির প্রেক্ষিতে সামরিক অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে হোদেইদাহ বন্দর ও সানার বিভিন্ন স্থানে জোট বাহিনীর হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে; বলা হয়েছে, এসব হামলার আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। হুথিরা এসব স্থান তাদের সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করত; যার মধ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংযোজনের ওয়ার্কশপও ছিল।
মুখপাত্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা বেসামরিক অবকাঠামোকে ব্যবহার করে ইয়েমেনি জনগণ, পুরো অঞ্চল এবং লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালীর নৌচলাচলের জন্য হুমকি সৃষ্টি করেছে।
সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুথিদের সৃষ্ট হুমকি দূর করা এবং সাধারণ জনগণ ও জাতীয় সম্পদ রক্ষা করাই তাদের প্রধান অগ্রাধিকার। তারা আরও বলেছে, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.