Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Mainly clear
Latest
Politics

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপালগঞ্জের এক নেতাকে খুলনায় পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে যান আবেদ আলী শেখ। এ সময় স্থানীয় একদল লোক তাঁকে ঘিরে ধরেন।

Read on Prothom Alo Link copied
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপালগঞ্জের এক নেতাকে খুলনায় পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Photo: Prothom Alo

গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী শেখকে খুলনায় মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় একদল লোক। আজ রোববার বেলা ১টার দিকে খুলনা মহানগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে যান আবেদ আলী শেখ। এ সময় স্থানীয় একদল লোক তাঁকে ঘিরে ধরেন। তাঁদের মধ্যে বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন। একপর্যায়ে তাঁকে মারধর করে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন তাঁরা। বেলা দেড়টার দিকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, আবেদ আলী শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন। মারধরের বিষয়ে ওসি বলেন, তেমন গুরুতর কিছু হয়নি।

ওসি আরও বলেন, একটি নাশকতার মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) ২০২৫ সালের ২৬ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে শেখ আবেদ আলীকে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়। সেখানে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে তাঁর পরিচয় দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলবিরোধী অভিযানে সাত দিনে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৫৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার ব্যক্তিদের তালিকার ৯ নম্বরে শেখ আবেদ আলীর নাম ছিল।

Original report

Continue reading at Prothom Alo

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original