জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
বুধবার ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত আট ব্যক্তির পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।
রিটকারীরা হলেন জুলাই-আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে করা এই রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের (এসআরও নং ১৩৭-আইন/২০২৫) মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। রিটকারীদের যুক্তি, এই নির্বাহী আদেশটি সাময়িক হওয়ায় সংসদে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ, বিলুপ্ত, সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এর আগে ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিটটি করা হয়।
আবেদনে সাম্প্রতিক সহিংসতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ এনে বলা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছরের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা সংঘবদ্ধ অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। এর উদাহরণ হিসেবে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ ও বিজিবির চারটি গাড়িতে আগুন, ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা হয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, ‘তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী; দেশে ও বিদেশে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা বারবার এটি প্রমাণ করেছে।’ এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ দলটির পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন এবং সীমান্ত অতিক্রম করে দেশে এসে বৈঠক করছেন বলে রিটে অভিযোগ করা হয়।
এ ছাড়া টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দিচ্ছেন এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন—সেসব ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে পেনাল কোড এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দলটির সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করা এবং সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, এই কমিটি ১৯৭২-১৯৭৫ সময়ের রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯-২০২৪ সময়ের গুম-খুন (‘আয়নাঘর’), শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার, সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের ওপর দায় চাপানো এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেবে। পাশাপাশি দেশ-বিদেশে দলটির অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান চিহ্নিত করে তহবিল জব্দ করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানানো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ করা এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.