মানুষের জীবনে কিছু যাত্রা থাকে, যার গন্তব্য আগে থেকেই নির্ধারিত; আবার কিছু যাত্রা পথ চলতে চলতেই নিজের অর্থ খুঁজে নেয়। বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার কাছে দ্বিতীয় ধরনের এক অভিজ্ঞতা। যাওয়ার সিদ্ধান্তটি সহজে নিতে পারিনি। ব্যক্তিগত ব্যস্ততা, নানা অনিশ্চয়তা আর যাতায়াতের পরিকল্পনা—সব মিলিয়ে সংশয়ের মধ্যে ছিলাম। কখনো মোটরসাইকেলে, কখনো বাসে, কখনো ট্রেনে যাওয়ার কথা ভেবেছি। শেষ পর্যন্ত সব দ্বিধার অবসান ঘটিয়ে ট্রেনের টিকিট কাটলাম।
১২ নভেম্বর, বৃহস্পতিবার। রাত সাড়ে নয়টা। খুলনা রেলস্টেশনে তখন যাত্রীদের ব্যস্ততা। ট্রেন ছাড়তে আরও ১৫ মিনিট। স্টেশনে দেখা হলো খোস নসিব ও প্রদীপ্ত পালের সঙ্গে। আমরা ছয়জন একসঙ্গে রওনা হলাম। টিকিটে আসন আলাদা হলেও ইচ্ছা ছিল পাশাপাশি বসার। নির্ধারিত আসন ছেড়ে খুঁজে নিলাম মুখোমুখি বসার জায়গা। যাত্রার শুরুতেই মনে হলো, মানুষের জন্য নির্ধারিত আসন থাকতে পারে, কিন্তু একসঙ্গে থাকার আকাঙ্ক্ষার কোনো নির্দিষ্ট আসন লাগে না।
ট্রেন চলতে শুরু করতেই মনে পড়ল শামসুর রাহমানের কবিতা ‘ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে’। ‘ট্রেনের বাড়ি কোথায়’ কবিতার এই প্রশ্ন থেকে হঠাৎ নিজের ঠিকানার কথা মনে এল। ছোটবেলায় গ্রামে বেড়ে ওঠা, পড়াশোনার প্রয়োজনে শিক্ষকের বাসায় থাকা, কলেজে উঠে শহরে বাসা নেওয়া, তারপর খুলনা-ঢাকা-খুলনা-জীবনের প্রয়োজনে কত ঠিকানাই তো বদলেছে। ভাবলাম, মানুষের ঠিকানা কি কেবল তার বসবাসের জায়গা? নাকি শৈশবের স্মৃতি, ফেলে আসা মানুষ, সম্পর্ক আর অভিজ্ঞতার মধ্যেও ঠিকানা ছড়িয়ে থাকে? যে মানুষ বারবার ঠিকানা বদলায়, তার ভেতরের ঠিকানাটি কোথায়—প্রশ্নটি রাতের ট্রেনের জানালার মতোই খোলা রয়ে গেল।

এরপর শুরু হলো লুডো খেলা। ছক্কার অপেক্ষা, চালের হিসাব, এগিয়ে যাওয়ার আনন্দ আর পিছিয়ে পড়ার আক্ষেপ। খেলতে খেলতেই মনে হলো, জীবনের সঙ্গে এই খেলাটির অদ্ভুত মিল আছে। আমরা প্রত্যেকে নিজের মতো করে এগিয়ে যেতে চাই, কিন্তু সব চাল আমাদের ইচ্ছেমতো পড়ে না। কখনো কাঙ্ক্ষিত সুযোগ আসে না, কখনো অপ্রত্যাশিতভাবেই ভাগ্য সহায় হয়। তবু খেলা থামিয়ে দিলে চলে না। সেদিন হানিফা ছক্কা না পড়ায় আক্ষেপ করছিল, অথচ শেষ পর্যন্ত খেলায় প্রথম হলো সেই। জীবনের ফলাফলও বোধ হয় অনেক সময় আমাদের আগাম হিসাবকে অস্বীকার করে।
খেলা শেষে আলাপ গড়াল সংগঠন, সমাজ ও সংস্কৃতির দিকে। একপর্যায়ে পাশের আসনের মধ্যবয়সী এক সহযাত্রীর সঙ্গে পরিচয় হলো। তিনি নিজেকে ট্রাকের মালিক পরিচয় দিলেন। আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের ইতিহাস, ভূরাজনৈতিক বিরোধ, জ্বালানি ও রাষ্ট্রীয় স্বার্থ নিয়ে তাঁর আলোচনা আমাদের বিস্মিত করল। তাঁর বক্তব্যের সবকিছুর সত্যতা যাচাই করার সুযোগ ছিল না। কিন্তু কথোপকথনটি আমাকে একটি জরুরি বিষয় মনে করিয়ে দিল—কোনো বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা আর সে বিষয়ে নির্ভুল জ্ঞান রাখা এক নয়। জ্ঞানী হওয়ার প্রথম শর্ত হয়তো সব প্রশ্নের উত্তর জানা নয়; বরং নিজের জানার সীমা সম্পর্কে সচেতন থাকা।
তিনি যশোরে নেমে যাওয়ার পর সাগরের সঙ্গে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে আলাপ শুরু হলো। তারপর কথার ফাঁকে গান এসে গেল। বেসুরো কণ্ঠে, টেবিল চাপড়ে চলল আমাদের সংগীতের আসর। একসময় সবাই ক্লান্ত হয়ে নিশ্চুপ।

রাতের সেই নীরবতায় মনে পড়ল শেখ হাফিজুর রহমান ভাইয়ের কথা। আমাদের বন্ধুসভার প্রবীণতম বন্ধু। বয়স ষাট পেরিয়েছে, অথচ কাজের উদ্যমে যেন আঠারো বছরের তরুণ। আগের দিনই তিনি ট্রেনে ঢাকায় পৌঁছে জাতীয় পর্ষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আয়োজনের কাজে যুক্ত হয়েছেন। একজন গ্রাম্য চিকিৎসক হিসেবে মানুষের সেবা করাই তাঁর পেশা ও নেশা। বন্ধুসভার কাজে তাঁর এই নিরলস উপস্থিতি আমাকে গভীরভাবে ভাবায়।
এক মুহূর্তের জন্য মনে হলো, জীবনটা তাঁর মতো সহজ ও নির্ভার হলে মন্দ কি! কিন্তু পরক্ষণেই নিজের দায়িত্বের কথা মনে পড়ল। পরিবার ও কাছের মানুষের প্রত্যাশা, সমাজের প্রতি দায়, অসমাপ্ত কাজ—সব মিলিয়ে জীবনের কাছে আমারও কিছু অঙ্গীকার আছে। হাফিজ ভাই যেন আমাকে কাজের আনন্দের কথা মনে করিয়ে দিলেন, আর নিজের ভেতরের তাগিদ মনে করিয়ে দিল কাজের দায়। বুঝলাম, জীবনকে অর্থবহ করে তোলার জন্য শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়; সেই স্বপ্নের দায়ও বহন করতে হয়। মানুষের জীবনে বিশ্রামের প্রয়োজন আছে, কিন্তু দায়িত্ব থেকে স্থায়ী অব্যাহতির কোনো অবকাশ নেই।
রাত দুইটা কি আড়াইটা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যশোরের রুবাইয়ার ছবি দেখে জানলাম, তাঁরাও একই ট্রেনে আছেন। ইমন ও সাগরকে নিয়ে তাঁদের বগিতে গেলাম। বাহারি খাবারে তাঁদের আন্তরিক আপ্যায়ন রাতের ক্লান্তি ভুলিয়ে দিল। এরপর নিজেদের আসনে ফিরে ঘুমিয়ে পড়লাম।

ভোর সাড়ে পাঁচটায় ট্রেন থামল কমলাপুরে। স্টেশনের বাইরে অপেক্ষমাণ দোতলা বাসে উঠলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাতের ট্রেনে আসা দেড় শতাধিক বন্ধুকে নিয়ে বাস ছুটল সদরঘাটের দিকে। সেখান থেকে প্রিন্স আওলাদ-৭ লঞ্চে উঠলাম। নিবন্ধন, টি-শার্ট, পরিচয়পত্র, ব্যাচ, খাবারের টোকেন—সব আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত কেবিনে গেলাম। দেশের ৮৬টি বন্ধুসভার বন্ধুদের উপস্থিতিতে লঞ্চটি হয়ে উঠেছিল বাংলাদেশের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। ভিন্ন জেলা, ভিন্ন উচ্চারণ, ভিন্ন অভ্যাসের এত মানুষ; তবু একটি অভিন্ন পরিচয় আমাদের একই জায়গায় এনে দাঁড় করিয়েছে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আয়োজন শুরু হলো। সদরঘাট ছেড়ে লঞ্চ বুড়িগঙ্গা পেরিয়ে চাঁদপুরের ত্রিমোহনার দিকে এগিয়ে চলল। বন্ধুসভার থিম সংগীত, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির প্রাণবন্ত সঞ্চালনা এবং সভাপতি জাফর সাদিক ভাইয়ের নানা চমক আয়োজনকে করে তুলল আরও প্রাণবন্ত। নদীর বুকের বাতাস, মিষ্টি রোদ আর সহস্রাধিক বন্ধুর সম্মিলন—সব মিলিয়ে তৈরি হলো এক অন্য রকম আবহ।
তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন জাভেদ সুলতান পিয়াস ও মাহমুদা বুশরা। আনন্দের পাশাপাশি প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতার এই আয়োজন আমাকে মনে করিয়ে দিল বন্ধুত্বের কাজ শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়; কখনো বিপদের বিষয়ে সতর্ক করা, কখনো জীবন সম্পর্কে সচেতন করা, কখনো মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করাও বন্ধুত্বের দায়িত্ব।

এরপর এল পুরস্কার প্রদানের পালা। একে একে বিভিন্ন ক্যাটাগরিতে বন্ধুসভার নাম ঘোষণা করা হচ্ছিল। পাশ থেকে ইসমাইল মিয়া বলছিল, ‘রেডি হ।’ কিন্তু আমাদের নাম আসছিল না। অপেক্ষা দীর্ঘ হতে হতে একসময় ধরে নিলাম, হয়তো কোনো ক্যাটাগরিতেই আমাদের মনোনয়ন নেই। ঠিক সেই মুহূর্তে আনিসুল হক উচ্চারণ করলেন ‘খুলনা বন্ধুসভা’। প্রথমবার যেন বিশ্বাসই করতে পারছিলাম না। দ্বিতীয়বার নামটি শোনার পর মঞ্চের দিকে ছুটে গেলাম। সফরসঙ্গীদেরও ডেকে নিলাম। সবাই মিলে গ্রহণ করলাম ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভার স্বীকৃতি।
একটি সংগঠনের অর্জন কখনো মঞ্চে দাঁড়ানো কয়েকজন মানুষের একক কৃতিত্ব নয়। এর পেছনে থাকে অনেকের শ্রম, সময়, আন্তরিকতা ও নীরব অবদান। কেউ উদ্যোগ নেন, কেউ কাজ বাস্তবায়ন করেন, কেউ সহযোগিতা করেন, কেউ আবার আড়ালে থেকে সংগঠনকে এগিয়ে নেন। পুরস্কারটি হাতে আসে কয়েকজনের, কিন্তু প্রকৃত মালিকানা থাকে সবার। ‘বর্ষসেরা ১০’-এ জায়গা পাওয়া তাই আমাদের জন্য আনন্দের পাশাপাশি দায়িত্বেরও স্মারক—এই স্বীকৃতির মর্যাদা ধরে রাখার দায়িত্ব।

দুপুরের খাবারের পর শুরু হলো নাচ, গান, কবিতা ও নাটিকার আয়োজন। বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা নিজেদের প্রতিভা তুলে ধরলেন। কেউ এলাকার ঐতিহ্যবাহী খাবার ভাগ করে নিলেন, কেউ নতুন বন্ধু খুঁজলেন, কেউ ছবি তুলে স্মৃতিকে ধরে রাখলেন। এত ভিন্নতার মধ্যে এমন স্বতঃস্ফূর্ত মেলবন্ধন দেখলে বোঝা যায়, একটি অভিন্ন মূল্যবোধ মানুষকে কত সহজে কাছাকাছি আনতে পারে।
সূর্য পশ্চিমে হেলে পড়লে লঞ্চ আবার সদরঘাটে নোঙর করল। দিনভর আয়োজনের সমাপ্তি হলো। রাতের বাসে খুলনার পথে ফিরতে ফিরতে জানালার পাশে বসে ভাবছিলাম—জীবন এত ছোট কেন! কত মানুষ, কত গল্প, কত অভিজ্ঞতা; অথচ সবকিছুকে ধারণ করার মতো সময় আমাদের হাতে কত সামান্য। যে মানুষগুলোকে কয়েক ঘণ্টা আগেও চিনতাম না, তাদের সঙ্গে একটি দিন কাটিয়ে ফিরে আসছি একরাশ স্মৃতি নিয়ে। কিছু সম্পর্ক দীর্ঘ পরিচয়ে গড়ে ওঠে, আবার কিছু সম্পর্কের বীজ বোনা হয় একটি দিনের সামান্য সহমর্মিতা কিংবা আন্তরিকতায়।
ট্রেন, বাস, লঞ্চ—সব বাহনই একসময় থেমে যায়। কিন্তু কিছু যাত্রা থামে না। সেগুলো মানুষের চিন্তায়, দায়িত্ববোধে, সম্পর্কের গভীরে এবং আগামী দিনের কাজে বেঁচে থাকে। ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার কাছে তেমনই এক যাত্রা; যার শেষ হয়েছে সদরঘাটে, কিন্তু পথচলা এখনো রয়ে গেছে নিজের ভেতরে।
সাবেক সভাপতি, খুলনা বন্ধুসভা
Continue reading at Prothom Alo
This story was collected by Khulna Info and links back to the original publisher.