দেশের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বাড়াতে এবং খরচ কমাতে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, প্রতিটি লেনদেন রিয়েল টাইমে সম্পন্ন করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় এলসিসংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন রিয়েল টাইমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকেও সেই গতির সঙ্গে তাল মেলাতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা বিচ্ছিন্ন থাকলে ব্যবসার খরচ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ থাকতে হবে।
বিমা খাতের অনিয়মের উদাহরণ তুলে ধরে আমির খসরু বলেন, অনেক ক্ষেত্রে বিমা প্রিমিয়াম পরিশোধ না করেই কাভার নোট দেওয়া হয়েছে। এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও প্রিমিয়াম পরিশোধ না করে কাভার নোট নেওয়ার ঘটনা রয়েছে। এতে সরকার রাজস্ব হারিয়েছে, বিমা কোম্পানির শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো নানা সমস্যায় পড়েছে।
তিনি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক, এলসি সংশ্লিষ্ট ব্যাংক এবং বিমা কোম্পানিগুলোর মধ্যে আন্তঃসংযোগ তৈরি করা হচ্ছে। একইভাবে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকেও একই ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, অটোমেশন শুধু দক্ষতা বাড়ায় না, ব্যবসার খরচ কমায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। অনেক ক্ষেত্রে গোপন লেনদেন ও অনিয়মের কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।
সংস্কার কার্যক্রমে অংশীজনদের মতামত নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো সংস্কার বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। অংশীজনরা এগিয়ে না এলে যত সক্রিয় সংস্কারই নেওয়া হোক, তা বাস্তবায়ন সম্ভব হবে না।
অনুষ্ঠানে ‘বার্তা’ প্ল্যাটফর্মের কার্যক্রম ও সুবিধা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, এত দিন স্থানীয় ও আন্তর্জাতিক এলসির তথ্য আদান-প্রদানে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) ব্যবহার করা হতো। ফলে স্থানীয় এলসির তথ্যও প্রথমে বিদেশে সুইফটের নেটওয়ার্কে যেত, সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছাত। এরপর ব্যাংক সেই তথ্য সরবরাহকারীর কাছে পাঠাত।
এ ব্যবস্থায় প্রতিটি এলসির জন্য গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা ব্যয় হতো, যা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। পাশাপাশি সব তথ্য দেশের ভেতরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের সুযোগ ছিল না। কোনো পুরোনো তথ্য প্রয়োজন হলে সুইফটের কাছে আলাদাভাবে আবেদন করে তা সংগ্রহ করতে হতো।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মে বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কে তথ্য আদান-প্রদান হবে। এতে কোনো বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য পাঠানোর প্রয়োজন হবে না। প্রতিটি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলা হয়েছিল। প্রতিটি এলসির বিপরীতে ১ হাজার ৫০০ টাকা করে ব্যয় হিসাব করলে মোট খরচ দাঁড়ায় ৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যয় ছিল ৭২ লাখ ৪০ হাজার ডলার। বাণিজ্যিক ব্যাংকগুলোর আয় বাদ দিলে নিট বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার।
নতুন ব্যবস্থায় স্থানীয় এলসির জন্য কোনো মেসেজিং ফি দিতে হবে না। ফলে এই অর্থ সাশ্রয় হবে।
‘বার্তা’ প্ল্যাটফর্মে একটি ব্যাংক এলসি খুললে সংশ্লিষ্ট সরবরাহকারীর ব্যাংক তা তাৎক্ষণিকভাবে জানতে পারবে। এলসিতে কোনো সংশোধন প্রয়োজন হলে সেটিও দ্রুত করা যাবে। এতে এলসি খোলা, সংশোধন, নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নথি আদান-প্রদানের সময় কমবে।
এ ছাড়া এলসির সব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকায় কোনো বিরোধ বা বিরোধ নিষ্পত্তির প্রয়োজন হলে সংশ্লিষ্ট নথি দ্রুত পাওয়া যাবে। আগে এ ধরনের তথ্য সংগ্রহের জন্য বিদেশি ব্যবস্থার ওপর নির্ভর করতে হতো।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন প্ল্যাটফর্মে প্রতিটি এলসি খোলা থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত তথ্য পর্যবেক্ষণ করা যাবে। আগে বাণিজ্যিক ব্যাংকগুলো তথ্য সরবরাহ না করলে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণব্যবস্থায় তাৎক্ষণিকভাবে সব তথ্য আসত না। এখন সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে তথ্য আদান-প্রদান হওয়ায় কোনো এলসি মেয়াদোত্তীর্ণ বা বকেয়া থাকলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এতে রপ্তানিকারক ও স্থানীয় সরবরাহকারীদের মধ্যে সমন্বয় বাড়বে। দেশীয় শিল্পের পশ্চাৎমুখী সংযোগ বা ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী হবে এবং রপ্তানিতে স্থানীয় মূল্য সংযোজন বাড়বে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ‘বার্তা’ প্ল্যাটফর্মে নিরাপত্তার জন্য এনক্রিপ্টেড ভিপিএন, ফায়ারওয়াল, প্রতিটি এপিআই কলের জন্য টোকেনভিত্তিক যাচাই এবং ব্যবহারকারীদের জন্য দ্বিস্তরীয় লগইন ব্যবস্থা থাকবে। প্রতিটি লেনদেন অনুমোদনের ক্ষেত্রে তিনটি ধাপ মেকার, চেকার ও অথরাইজার অনুসরণ করতে হবে।
প্রতিটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য আলাদা পাওয়ার-অন পাসওয়ার্ড ও সিস্টেমে প্রবেশের পাসওয়ার্ড থাকবে। ফলে একটি বার্তা অনুমোদনের ক্ষেত্রে মোট ছয়টি পাসওয়ার্ডের নিরাপত্তাস্তর কাজ করবে। এতে অননুমোদিত প্রবেশ ও তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয়ের চেয়েও বড় বিষয় হলো, বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আত্মবিশ্বাস অর্জন করছে। নিজেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিজেরাই তৈরি করতে পারার এই উদ্যোগের মূল্য অনেক বেশি।
তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে আমদানি-রপ্তানির পণ্যের মূল্য ও লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে। এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাজও সহজ হতে পারে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, স্থানীয় এলসির ক্ষেত্রে প্রতিটি এলসিতে ১ হাজার ৫০০ টাকা করে যে চার্জ দিতে হতো, তা পোশাকশিল্পের জন্য উল্লেখযোগ্য ব্যয় ছিল। কারণ, রপ্তানি আদেশ পাওয়ার পর পোশাক কারখানাগুলোকে অনেক ছোট অঙ্কের স্থানীয় এলসি খুলতে হয়। কোনো কোনো এলসির পরিমাণ ৭০০, ১ হাজার বা ১ হাজার ৫০০ ডলার হলেও এলসির সংখ্যা অনেক বেশি।
তিনি বলেন, নতুন ব্যবস্থায় খরচ কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং বিরোধ নিষ্পত্তি সহজ হবে। তবে ব্যাংকের এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ এখনো ব্যবসার বড় খরচ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে দর-কষাকষি করতে পারেন না। তাদের জন্য এসব চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এর সুফল শুধু ব্যবসায়ী বা ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, শেষ পর্যন্ত সাধারণ মানুষ কম দামে পণ্য ও সেবা পাওয়ার মাধ্যমে উপকৃত হন।
তিনি বলেন, ব্যবসায়ীদের আর্থিক ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে নীতি সুদহার আরও কমানোর সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ৭ হাজার কোটি টাকার একটি এসডিপি চালু করা হয়েছে, যার মাধ্যমে সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে।
গভর্নর আরও বলেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর কাজ চলছে। এতে বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ এবং কারসাজির সুযোগ কমবে। এ ব্যবস্থা এক থেকে দুই মাসের মধ্যে চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া আন্তর্জাতিক এলসির কাগজপত্র পাঠাতে কুরিয়ার খরচ ও সময় কমাতে সেগুলো ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কাগজপত্র পাঠানোর সময় এক থেকে দুই দিনের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
সবশেষে ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান গভর্নর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.