অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর ভাষ্য, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের কারাগারে পাঠানো হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে অবস্থানরত অন্য আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয়, তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তিনি দেশে ফিরলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে এবং তাঁকে কেন্দ্রীয় কারাগারে যেতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান বা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে কারও সঙ্গে সরকারের কোনো কথা হয়নি।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। তাঁর অবস্থান কোথায়, সেটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার ঘটনায় জড়িত এবং হত্যার নির্দেশদাতা হিসেবে দণ্ডপ্রাপ্ত যাঁরা বিদেশে অবস্থান করছেন, তাঁদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টিকে রাজনৈতিক প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। এ ধরনের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সংবিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা এ ধরনের কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রেও আইনের ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি।
The post দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.