অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তাঁর এক মুখপাত্রের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে, এ বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়। তিনি কীভাবে দেশে ফিরবেন, বিমানে নাকি অন্য কোনো উপায়ে সেটিও ভারতের সঙ্গে আলোচনার বিষয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান কি না, এ বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার বিষয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর সহযোগীরাও ভারতে অবস্থান করছেন। ফলে তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, কীভাবে হস্তান্তর করা হবে কিংবা কোন মাধ্যমে তিনি বাংলাদেশে আসবেন এসব বিষয়ে ভারতের সঙ্গেই আলোচনা হবে।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
মুখপাত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশি বিমানে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও একইভাবে দেশে ফেরার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে তাঁর প্রত্যাবর্তনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
The post হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.