অনলাইন ডেস্ক: রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজনসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটির দাবি, রাজনৈতিক সহিংসতা বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ।
সংবাদ সম্মেলনে ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে হিংসাত্মক ও প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা; মব সন্ত্রাস, গণপিটুনি, দখলদারত্ব ও বিচারবহির্ভূত সহিংসতা বন্ধ করা এবং ৫ আগস্টের পর সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ, অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং জাতীয় স্বার্থবিরোধী শর্ত সংশোধনের দাবি জানানো হয়েছে। সংশোধন সম্ভব না হলে চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়ার কথাও বলেছে দলটি।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা চুক্তি পুনর্মূল্যায়ন ও বাতিলের উদ্যোগ, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং পাহাড়ি-বাঙালি সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবিও রয়েছে সাত দফায়।
বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন, প্রশাসনের নিরপেক্ষতা ও গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
লিখিত বক্তব্যে আবদুস সামাদ বলেন, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, মব সন্ত্রাস, দখলদারত্ব, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনমনে উদ্বেগ তৈরি করেছে। গণঅভ্যুত্থানের সার্থকতা শুধু ক্ষমতার পরিবর্তনে নয়; রাষ্ট্রের চরিত্রে ইতিবাচক পরিবর্তন এবং জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।
তিনি বলেন, জাতীয় স্বার্থ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় সব রাজনৈতিক শক্তির সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ কারণে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ আয়োজন জরুরি।
মব সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, কাউকে অপরাধী, ধর্ম অবমাননাকারী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ আখ্যা দিয়ে মারধর, হত্যা বা সম্পদে হামলা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের অভিযোগ থাকলে তা তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। মবের হাতে বিচার আইনের শাসনের পরাজয়।
পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তুলে ধরে আবদুস সামাদ বলেন, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও সংঘর্ষ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সেখানে স্থায়ী সেনাক্যাম্প প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
The post জাতীয় সংলাপসহ রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাত দফা প্রস্তাব appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.