অনলাইন ডেস্ক: কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে কয়েকজন অস্ত্রধারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগদ অর্থ বহনকারী একটি সাঁজোয়া গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর অস্ত্রধারীরা সুপারমার্কেটটিতে ঢুকে পড়েন এবং সেখানে থাকা লোকজনকে জিম্মি করেন।
কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, শহরের একটি শপিং মলে সাঁজোয়া গাড়ি ছিনতাইয়ের চেষ্টা চালায় অস্ত্রধারীরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা আন্তর্জাতিক সুপারমার্কেট চেইন ‘এক্সিতো’র একটি শাখায় আশ্রয় নিয়ে ভেতরে থাকা লোকজনকে জিম্মি করেন।
প্রথমে সুপারমার্কেটটিতে থাকা ৩০ জনকে জিম্মি করা হয়েছিল। পরে তাঁদের মধ্যে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে অন্তত ২০ জন জিম্মি রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্সের হাতে আসা ছবিতে দেখা গেছে, কার্তাহেনার লা কাস্তেলানা এলাকায় সুপারমার্কেটটির বাইরে ভারী অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। পর্যটকদের কাছে জনপ্রিয় শহরটির ঐতিহাসিক ঔপনিবেশিক এলাকাতেই ঘটনাটি ঘটেছে।
জিম্মিদের নিরাপদে উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষায়িত ইউনিট, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে পুলিশ। তবে জিম্মিকারী ও জিম্মি ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা এক বিবৃতিতে জিম্মিদের নিরাপদে উদ্ধারের আশ্বাস দিয়েছেন। অস্ত্রধারীদের মাদক চোরাচালান গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করে তিনি এ ঘটনার জন্য দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন।
এদিকে, দেশটির ভিলাভিসেনসিও শহরে আগের রাতে গাড়িবোমা হামলার ঘটনাও ঘটেছে। সরকারের দাবি, ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশ ওই হামলার সঙ্গে জড়িত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে সুপারমার্কেটের ভেতরে কয়েকজনকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। তাঁদের হাত বাঁধা ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রুপো এক্সিতো জানিয়েছে, মানুষের জীবন ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি মোকাবিলায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করছে।
সূত্র: রয়টার্স।
The post কলম্বিয়ার কার্তাহেনায় সুপারমার্কেটে বন্দি ২০ জন, ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.