অনলাইন ডেস্ক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
একই সময়ে নগরীর মালেকের বাড়ী এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ী এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
The post আবারো গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.