Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
22°C Overcast
Latest
Environment

দুবলার চরে শুরু হলো ঐতিহ্যবাহী রাস উৎসব, ভোরে পুণ্যস্নান

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকেই রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে […]

Read on Khulna Gazette Link copied
দুবলার চরে শুরু হলো ঐতিহ্যবাহী রাস উৎসব, ভোরে পুণ্যস্নান
Photo: Khulna Gazette

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকেই রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১১টার পর মূল পূজা শুরু হবে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের পর সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে এবারের উৎসবের পরিসমাপ্তি ঘটবে।

দুর্গম ভ্রমণপথের কথা বিবেচনা করে পুণ্যার্থীদের সুবিধার্থে রবিবার থেকেই দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের বড় একটি অংশ আগের দিনেই সেখানে পৌঁছে যান এবং সোমবারও পুণ্যার্থীদের আগমন অব্যাহত ছিল।

রাস উৎসব উদযাপন কমিটির নেতা ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, গত সাত দিনের লাগাতার বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে এবার পুণ্যার্থীর উপস্থিতি কিছুটা কম। তবে খুলনা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এ আয়োজনে যোগ দিয়েছেন। এ সময় তিনি ভবিষ্যতে রাধাগোবিন্দ মন্দিরটি আরও সুন্দরভাবে সংস্কারের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সুন্দরবনের দুবলার চরে দুইশ বছরেরও বেশি সময় ধরে এ ধর্মীয় উৎসব পালিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমার তিথিতে সাগরে পুণ্যস্নান করলে সব পাপ মোচন হয়।

এদিকে উৎসব ঘিরে বাগেরহাটের দুবলার চর ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্ট গার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক টহলের পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া বন্যপ্রাণী নিধন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্ট গার্ডের হেল্পলাইন ‘১৬১১১’ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original