Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Satkhira

এখনও হাটুকাঁদা মাড়ায় উপকূলের মানুষ

বর্ষা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্বস্তি ফিরেছিল উপকূলীয় জনপদ। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট টানা বৃষ্টিতে আবারও পুরোনো চিত্রে ফিরেছে গ্রামীণ সড়কগুলো। সড়কজুড়ে কাদা, কোথাও জমে থাকে পানি, […]

Read on Khulna Gazette Link copied
এখনও হাটুকাঁদা মাড়ায় উপকূলের মানুষ
Photo: Khulna Gazette

বর্ষা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্বস্তি ফিরেছিল উপকূলীয় জনপদ। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট টানা বৃষ্টিতে আবারও পুরোনো চিত্রে ফিরেছে গ্রামীণ সড়কগুলো। সড়কজুড়ে কাদা, কোথাও জমে থাকে পানি, আবার কোথাও ভাঙা ইটের সোলিংয়ে চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। গ্রামীণ জনপদের অধিকাংশ অভ্যন্তরীণ সড়ক এখনো কাঁচা কিংবা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, নারী, শিশু ও অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরেজমিন দেখা গেছে, রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রাম থেকে ভেটখালী বাজারে যাতায়াতের একমাত্র সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের কিছু অংশে ইটের সোলিং ভেঙে গেছে। বাকি অংশ বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয়েছে। একইভাবে রহমতপুর থেকে শংকরকাটি হাটখোলার সড়ক, জাবাখালী ১ নম্বর ওয়ার্ডের রাস্তা। নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী থেকে নাপিত খালী রাস্তা এবং সাতক্ষীরা থেকে ভেটখালী মহাসড়কের রাস্তার ধীরগতির কারণে এই বৃষ্টিতে সোনারমোড় থেকে পেঙ্গুইন মৎস্য ফ্যাক্টরির সামনের সড়কটি চলাচলের অনুউপযোগী হয়ে গেছে। এসব সড়কে কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

নৈকাটি মাদ্রাসার গণিতের শিক্ষক মোঃ শাহিনুর রহমান বলেন, “আমি দুই বছর আগে এখানে যোগদান করেছি। তখন থেকে এখন পর্যন্ত রাস্তাঘাটের কোনো উন্নয়ন দেখিনি। এলাকায় কোনো সমস্যা হলে নেতার অভাব হয় না, কিন্তু রাস্তাঘাটের উন্নয়নের জন্য একজন নেতাকেও খুঁজে পাওয়া যায় না।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচনের আগে প্রার্থীরা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ভোটারদের উচিত জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি চাওয়া।”

শুধু কালিঞ্চী কিংবা নৈকাটি নয়, শ্যামনগরের উপকূলীয় বিভিন্ন ইউনিয়নে একই চিত্র। দ্বীপ ইউনিয়ন গাবুরার প্রায় ৯৫ শতাংশ সড়ক এখনো কাঁচা বলে স্থানীয়ভাবে জানা গেছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে পায়ে হেঁটে চলাচল কঠিন হয়ে পড়ে। পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কসহ চাউলখোলা ও খুটিকাটা এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী ও কালিঞ্চী-নৈকাটি এলাকার সড়কগুলোর অবস্থাও শোচনীয়। কোথাও কোথাও কাদার কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদও জানিয়েছেন। তবু স্থায়ী সমাধান মেলেনি।

গাবুরার স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, “সামান্য বৃষ্টি হলেই উপকূলের কাঁচা সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদাপানিতে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে নিতে গিয়ে স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অনেক ক্ষেত্রে কাদার কারণে ভ্যান, ইজিবাইক কিংবা অ্যাম্বুলেন্স চলাচলও কঠিন হয়ে পড়ে। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনে আসছি, কিন্তু বাস্তবায়ন দেখছি না। আমরা আর আশ্বাস নয়, এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে টেকসই ও বাস্তবসম্মত সড়ক নির্মাণের কার্যকর উদ্যোগ চাই।”

অন্যদিকে, সুন্দরবনসংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের সংযোগ সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাগুলোতেও দুর্ভোগ নিত্যদিনের। দীর্ঘদিন ধরে চলা খোঁড়াখুঁড়ি এবং সংস্কারকাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কাদা ও জলাবদ্ধতা। সীমান্তবর্তী রমজাননগর ইউনিয়নের অভ্যন্তরীণ কাঁচা ও আধা-পাকা সড়কগুলোর অবস্থাও নাজুক।

এর নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। শ্যামনগরের কৃষক, জেলে ও চিংড়ি চাষিরা উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সড়কের দুরবস্থায় পরিবহন ব্যয় বাড়ছে, পণ্য পরিবহনে সময় বেশি লাগছে। এতে ন্যায্যমূল্য পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন অনেক উৎপাদক।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি আর সাময়িক মেরামতের মধ্যেই সীমাবদ্ধ থাকছে উন্নয়ন কার্যক্রম। ফলে প্রতিটি বর্ষা মৌসুমে একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে।

উপকূলীয় শ্যামনগরের ভৌগোলিক বাস্তবতা, লবণাক্ততা, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় নিয়ে সড়ক নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা করা জরুরি। শুধু নামমাত্র মেরামত নয়, প্রয়োজন টেকসই, উঁচু ও মানসম্মত সড়ক নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ।

উপকূলীয় মানুষের নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ নিশ্চিত করতে বেহাল সড়কগুলোর স্থায়ী সংস্কার এখন সময়ের দাবি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original