জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এ আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক মুর্শিদুল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময়ে তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এই মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি।
মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান, জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.