অর্থনীতির শিক্ষক শ্রদ্ধেয় আনোয়ারুল কাদির স্যার, একদিন এক আলোচনায় জলবায়ু পরিবর্তন ইস্যুটির সঙ্গে আন্তর্জাতিক প্রভাবশালী রাষ্ট্র ও ব্যবসায়ী গোষ্ঠীর সম্পর্ক বোঝাতে গিয়ে বলেছিলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুটি একটি খাঁচা, যে খাঁচার মাধ্যমে উন্নয়নশীল তথা গরীব দেশগুলোর সঙ্গে ধনী দেশগুলো তাদের বাণিজ্য-সম্পর্ক ঠিক করছে। আর জলবায়ু পরিবর্তন নিয়ে ক্ষোভ-বিক্ষোভ প্রশমনের জন্য প্রতি বছর জাতিসংঘের মাধ্যমে একটি বিশাল জমায়েত-এর আয়োজন করছে; যেখানে কথা হচ্ছে-হবে প্রচুর, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলোর কিছু জুটবে না। জুটবে ততটুকু, যতটুকু তাদের বাণিজ্য স্বার্থ টিকিয়ে রাখার জন্য প্রয়োজন। কনফারেন্স অব দ্য পার্টিস (কপ)-এর ৩১তম সম্মেলনের পর এই কথাটি বারবার মনে হচ্ছে।
এবারকার কপ-৩১ সম্মেলনে অনেকেই আশা করেছিলেন যে, একটি চুক্তিতে পৌঁছানো যাবে। অর্থায়নের বিষয়টি একটি চুক্তির আওতায় আসবে। এই আশাবাদের কারণ, প্যারিস চুক্তির দশ বছর অতিক্রান্ত হয়েছে। ফলে এখন বোধকরি, ধনী দেশগুলো একটি চুক্তিতে পৌঁছাতে পারে। কিন্তু না, তা হয়নি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ এবং অর্থায়নের প্রশ্নে বিভক্তি আবারও প্রমাণ করল যে, জলবায়ু সংকটের সমাধান শুধু বৈজ্ঞানিক জ্ঞান বা প্রতিশ্রুতির ওপর নির্ভর করে না; এর জন্য প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার, ন্যায়বিচার ও জবাবদিহি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ জাতিসংঘের এই জলবায়ু সম্মেলন। অথচ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ ৩১ শেষ হয়েছে গভীর রাজনৈতিক অচলাবস্থার মধ্য দিয়ে। ২০২৬ সালের ২২ নভেম্বর সমাপ্ত এই সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা ‘আন্তালিয়া প্যাক্ট’ নামে প্রস্তাবিত মূল রাজনৈতিক চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি। দুই সপ্তাহের আলোচনা এবং অতিরিক্ত দুই দিনের টানাপড়েনের পরও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, অভিযোজন অর্থায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এই ব্যর্থতা প্যারিস চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রচেষ্টাকে আরও দুর্বল করে দিয়েছে।
জীবাশ্ম জ্বালানি নিয়ে রাজনৈতিক বিভাজন :
কপ৩১-এর সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় কয়লা, তেল ও গ্যাসের ভবিষ্যৎ নিয়ে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, নরওয়ে, পানামা, ভানুয়াতু ও মার্শাল দ্বীপপুঞ্জসহ ১৩০টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার দাবি করে। অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার মতো প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এ ধরনের বাধ্যতামূলক প্রতিশ্রুতির বিরোধিতা করে বিরোধিতাকারীদের যুক্তি, জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও রপ্তানি জাতীয় রাজস্ব, কর্মসংস্থান এবং জ্বালানি নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফলে চুক্তির খসড়া থেকে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার সুস্পষ্ট উল্লেখ বাদ পড়ে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ মোকাবিলার প্রশ্নেই বিশ্বনেতারা একমত হতে পারেননি।
কী অদ্ভুত বৈপরীত্য! একদিকে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্বীকার করা হচ্ছে, অন্যদিকে যে জ্বালানিব্যবস্থা বৈশ্বিক উষ্ণায়ন বাড়াচ্ছে, তা থেকে বেরিয়ে আসার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছে না।
জলবায়ু অর্থায়ন :
প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান-সম্মেলনের আরেকটি বড় ব্যর্থতা জলবায়ু অর্থায়ন। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর দাবি ছিল, ঐতিহাসিকভাবে বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী উন্নত দেশগুলোকে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় আরও বেশি অর্থ দিতে হবে। বিশেষ করে অনুদানভিত্তিক, পূর্বানুমানযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য অর্থায়নের দাবি করা হয়েছিল।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২০ বিলিয়ন মার্কিন ডলার অভিযোজন অর্থায়নের যে প্রস্তাব আলোচনায় ছিল, তা চূড়ান্ত খসড়ায় স্থান পায়নি। ফলে নতুন কোনো সুনির্দিষ্ট ও নিশ্চিত অর্থায়ন প্রতিশ্রুতিও প্রতিষ্ঠিত হয়নি।
এটি শুধু অর্থের অঙ্ক নিয়ে বিরোধ নয়; বরং জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন। যেসব দেশ ঐতিহাসিকভাবে কম নিঃসরণ করেছে, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের অভিযোজনের ব্যয়ভার কেন দায়ী দেশগুলো বহন করবে না! এই প্রশ্নের কোনো গ্রহণযোগ্য উত্তর সম্মেলন দিতে পারেনি।
ব্যর্থতার পেছনে :
কপ৩১-এর অচলাবস্থার পেছনে কয়েকটি কারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রথমত, জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী ও আমদানিনির্ভর দেশগুলোর অর্থনৈতিক স্বার্থের সংঘাত। দ্বিতীয়ত, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু অর্থায়নের দায়িত্ব নিয়ে মতপার্থক্য। তৃতীয়ত, ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা রক্ষায় কত দ্রুত নিঃসরণ কমাতে হবে, তা নিয়ে বিভাজন। চতুর্থত, উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের প্রয়োজনের সঙ্গে দ্রুত কার্বনমুক্ত অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যকে সমন্বয় করতে না পারা। পঞ্চমত, ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য বিরোধ এবং জ্বালানি নিরাপত্তার উদ্বেগ বহুপাক্ষিক সহযোগিতাকে দুর্বল করেছে। ষষ্ঠত, জাতিসংঘের জলবায়ু আলোচনায় ঐকমত্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি।
কপ সম্মেলনে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সব পক্ষের ঐকমত্য প্রয়োজন। ফলে ১৩০টির বেশি দেশ কোনো প্রস্তাব সমর্থন করলেও অল্প কয়েকটি দেশের আপত্তিতে সেটি আটকে যায়। এর ফলে অনেক সময় বৈশ্বিক প্রয়োজনের পরিবর্তে সবচেয়ে কম আপত্তিকর অবস্থানটিই প্রধান হয়ে ওঠে।
কোথায় অগ্রগতি :
তবে কপ৩১এ মূল রাজনৈতিক চুক্তি না হলেও কয়েকটি খাতে অগ্রগতি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘৩৫-বাই-৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’। এর লক্ষ্য ২০২৬ সালে মোট বৈশ্বিক শক্তি ব্যবহারে বিদ্যুতের অংশ প্রায় ২৩ শতাংশ থেকে ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশে উন্নীত করা। পরিবহন ও শিল্পের বিদ্যুতায়ন, পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং বিনিয়োগ সম্প্রসারণ এ উদ্যোগের প্রধান ভিত্তি। ৭৫টির বেশি দেশ এতে সমর্থন জানিয়েছে। এ ছাড়া প্যারিস চুক্তির ৬.২, ৬.৪ ও ৬.৮ অনুচ্ছেদের অধীনে আন্তর্জাতিক কার্বন বাজার, সহযোগিতামূলক ব্যবস্থা এবং বাজারবহির্ভূত প্রযুক্তি হস্তান্তর নিয়ে কাজ এগিয়েছে। ন্যায্য জ্বালানি রূপান্তর কর্মপরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। এর উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্পের শ্রমিক, নিম্ন আয়ের পরিবার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জ্বালানি রূপান্তরের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দেওয়া। তবে মনে রাখতে হবে, এগুলোর প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাণিজ্য-স্বার্থ জড়িয়ে আছে।
বাংলাদেশের জন্য উদ্বেগ ও করণীয় :
কপ৩১-এর ব্যর্থতার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর। বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য হলেও নিচু ভূ-প্রকৃতি, উচ্চ জনঘনত্ব এবং বিস্তৃত উপকূলীয় অবস্থানের কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে।
প্রথমত, অভিযোজন অর্থায়নের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠিত না হওয়ায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি অভিযোজন প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা কঠিন হতে পারে। দ্বিতীয়ত, ঘূর্ণিঝড়, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন বাড়বে। তৃতীয়ত, উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, ম্যানগ্রোভ পুনরুদ্ধার, মিঠাপানির পুকুর সংরক্ষণ, বৃষ্টির পানি সংগ্রহ এবং নিরাপদ পানির ব্যবস্থা গড়ে তোলার মতো জরুরি উদ্যোগে অর্থায়নের ঘাটতি তৈরি হতে পারে।
অন্যদিকে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশকে সৌরবিদ্যুৎ, ছাদভিত্তিক সৌর ব্যবস্থা এবং সৌরচালিত কৃষি সেচ সম্প্রসারণ করতে হবে। তবে এই রূপান্তর যেন বিদ্যুতের মূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সংকট বা নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে, সেটিও দেখা জরুরি।
বাংলাদেশের জন্য এখন পাঁচটি কৌশলগত পদক্ষেপ গুরুত্বপূর্ণ। প্রথমত, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের সঙ্গে কূটনৈতিক জোট শক্তিশালী করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক জলবায়ু তহবিলে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে জাতীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো। তৃতীয়ত, অনুদানভিত্তিক অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিলের জন্য জোরালো দাবি অব্যাহত রাখা। চতুর্থত, উপকূলীয় পানি নিরাপত্তা, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনাকে অভিযোজন বিনিয়োগের অগ্রাধিকার দেওয়া। পঞ্চমত, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর ত্বরান্বিত করা।
লেখক : স্বাধীন সাংবাদিক; পরিবেশ বিষয়ক বিশ্লেষক।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.