অসময়ের বৃষ্টিতে খুলনার ৫ উপজেলার ৯৮টি ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে কাঁচা ইট। বৃষ্টির পানিতে নিভে গেছে অধিকাংশ ইটভাটার আগুন। এতে ৯ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছে ভাটা মালিকরা। ভাটা মৌসুমের শুরুতে এত বড় ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ৫ উপজেলার মধ্যে রূপসায় ৬০টি ভাটায় ৫ কোটি টাকা, বটিয়াঘাটায় ৪টি ভাটায় ৫৫ লাখ টাকা, ডুমুরিয়ায় ১৮টি ভাটায় ২ কোটি, ফুলতলায় ৬টি ভাটায় ৫০ লাখ টাকা ও পাইকগাছায় ১২টি ভাটায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
রূপসা উপজেলার ভাটা মালিক ও সংশ্লিষ্টরা জানায়, চলতি মাসের শুরুতে উপজেলার আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটী ও ঘাটভোগ ইউনিয়ন এলাকায় ৬০টি ভাটা উৎপাদন কার্যক্রম শুরু করে। এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ১৮ থেকে ২০ নভেম্বর ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে ভাটাগুলোর উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। খোলা মাঠে শুকানোর জন্য রাখা কাঁচা ইট এবং শুকিয়ে খাড়ি দিয়ে রাখা শুকনো ইট বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। এছাড়া জ্বলন্ত ভাটাও বৃষ্টির পানিতে নিভে যায়।
মালিকদের দাবি, ক্ষতির পরিমাণ ভাটা ভেদে ভিন্ন হলেও তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত ভাটার মালিককেও কমপক্ষে ৮ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। সব মিলিয়ে ৬০টি ভাটায় ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। মৌসুমের শুরুতেই এমন বিপর্যয়ে আর্থিক চাপের মুখে পড়েছেন তারা।
বটিয়াঘাটা ঘুরে নিজস্ব প্রতিবেদক হিরামন সাগর জানান, এ উপজেলায় ৪টি ইটভাটা রয়েছে। এগুলো হলো সুরখালি ইউনিয়নের গজালিয়া এলাকায় মেসার্স জমাদ্দার ব্রিকস, সদর ইউনিয়নের দক্ষিণ শৈলমারীতে এনকে ব্রিকস ও উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে ইকো ব্রিকস। এসব ভাটায় তৈরকৃত ইট নষ্ট হয়ে ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার জানান, অসময়ের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উপজেলার ইটভাটা শিল্প। কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে বৃষ্টির পানিতে নিভে গেছে অধিকাংশ ইটভাটার আগুন। এতে মৌসুমের শুরুতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভাটা মালিকেরা। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
ভাটা মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ১ নভেম্বর থেকে অধিকাংশ ইটভাটায় নতুন মৌসুমের উৎপাদন কার্যক্রম শুরু হয়। অসময়ের টানা বৃষ্টি তাঁদের সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে।
ভাটা মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আজিজুর রহমান মোড়ল জানান, তার নিজের ইটভাটায় প্রায় চার লাখ কাঁচা ইট বৃষ্টিতে নষ্ট হয়েছে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ভাটার আগুনও নিভে গেছে। তিনি বলেন, এ বছর কয়লার দাম অনেক বেড়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেশি দিতে হচ্ছে। উৎপাদন শুরুর আগেই শ্রমিকদের অগ্রিম টাকা দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির কারণে কাঁচা ইট নষ্ট ও আগুন নিভে যাওয়ায় বড় ধরনের লোকসানে পড়তে হয়েছে।
তিনি আরও জানান, এ উপজেলায় মোট ১৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অধিকাংশ ভাটার আগুন নিভে গেছে। মৌসুমের শুরুতেই এমন প্রাকৃতিক বিপর্যয়ে ইটভাটা মালিকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।
ফুলতলা প্রতিনিধি তাপস কুমার বিশ্বাস জানান, এ উপজেলায় ইটভাটা রয়েছে ৯টি। ইতোমধ্যে ৩টি ভাটা আর্থিক সংকটে বন্ধ হয়ে গেছে। গত তিন দিনের বৃষ্টিতে ৬টি ভাটায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে নিউ সুপার ব্রিকস ও সুপার ব্রিকস এ প্রায় ৬ লাখ কাঁচা ইট ও মাটি নষ্ট হয়েছে। এর মধ্যে নিউ সুপার ব্রিকস এ ৪ লাখ ও সুপার ব্রিকস এ ২ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
পাইকগাছা প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম জানান, এ উপজেলায় ১৪টি ইটভাটার মধ্যে চালু রয়েছে ১২টি। ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে অতি বৃষ্টিতে ভাটার কাঁচা ইট ব্যাপক নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ভাটা মালিকরা। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার চাঁদখালী ইউনিয়নের মা ব্রিকস এর পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান, মৌসুমের শুরুতে অতি বৃষ্টির কারণে প্রায় তিন লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। ভাটার আগুন নিভে গেছে। সব মিলিয়ে অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই এলাকার এএসএম ব্রিকস এর মালিক অহেদুজ্জামান বলেন, তাদের ভাটায় প্রায় আড়াই লাখের উপরে কাঁচা ইট নষ্ট হয়েছে। ভাটার আগুন নিভে গেছে।
এমএসবি ব্রিকস এর পরিচালক শাহিন মাস্টার বলেন, প্রবল বৃষ্টিতে আমার মতো অন্য ভাটা মালিকরাও ক্ষতির মুখে পড়েছে। আমার ভাটায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.