খুলনার পাইকগাছায় এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোটসহ (২০ হাজার টাকা) দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমা খাতুনকেও আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন—পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী নুরজাহান বেগম এবং ৫ নম্বর ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী আসমা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্মরণখালী এলাকায় জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাওয়ার পথে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে ২০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর সহযোগী আসমা খাতুনকে আটক এবং গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় আজিবরের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, জাল টাকা সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় এ কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.