Monday, November 23, 2026 Khulna, Bangladesh
27°C Overcast
Latest
Crime

পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ

দেশের সর্বত্র আইন শৃঙ্খলার চরম অবনতি। দেশের দক্ষিণ অঞ্চলীয় শহর খুলনা মহানগরী এখন সন্ত্রাসীদের স্বর্গরাজ্য! খুলনা জেলার সর্বত্র আইন শৃঙ্খলার অবনতির কারণে দারুণভাবে উদ্বিগ্ন নাগরিকরা সক্রিয়ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ […]

Read on Khulna Gazette Link copied
পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ
Photo: Khulna Gazette

দেশের সর্বত্র আইন শৃঙ্খলার চরম অবনতি। দেশের দক্ষিণ অঞ্চলীয় শহর খুলনা মহানগরী এখন সন্ত্রাসীদের স্বর্গরাজ্য! খুলনা জেলার সর্বত্র আইন শৃঙ্খলার অবনতির কারণে দারুণভাবে উদ্বিগ্ন নাগরিকরা সক্রিয়ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

মোটা অঙ্কের চাঁদার ভয়ে খুলনায় আসতে পারছেন না ১১ জন তারকা চিকিৎসক! ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর। সিসি টিভি ফুটেজে শনাক্ত হলেও অদৃশ্য কারণে গ্রেপ্তার নেই। প্রশ্ন উঠেছে, কাদের প্রশ্রয়ে এই বেপরোয়া চাঁদাবাজি অস্ত্রের ঝনঝনানি?

এমনি প্রেক্ষাপটে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত! সামান্য কয়েকটি সন্ত্রাসী গ্রুপ খুলনা মহানগরীর চৌদ্দ লাখ মানুষকে অলৌকিকভাবে জিম্মি করে ফেলেছে। এই নাজুক অবস্থার অবসানের জন্য তিনি কারফিউ জারি করে সন্ত্রাসীদের জরুরিভাবে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দারুণ উদ্বেগের সাথে অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকব্যবসা উৎপাটনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

প্রতিদিন টুকটাক গুলি, নির্মম হত্যাকাণ্ড ঘটছে, মহানগরী ও তার আশপাশের এলাকাগুলোতে, উপজেলাগুলোতে, কিন্তু প্রতিকারের পথ জানা নেই প্রশাসনের! খুনিরা মানুষ খুন করছে, ভাঙচুর করছে, চাঁদাবাজি করছে, প্রকাশ্যে মাদকের আখড়া বসিয়েছে, অথচ প্রতিবাদ করলেই, অভিযোগ করলেই বলা নেই কওয়া নেই নিরীহ প্রতিবাদী মানুষদের খুন করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীরা ক্ষমতাসীন দল বিএনপির ৮-১০ জন কর্মীকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে। এ নিয়ে পার্লামেন্টে তোলপাড় হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। এ ধরনের পরিস্থিতি নিয়ে নগর খুলনার মানুষ অসহায় জীবন যাপন করছেন!

সর্বত্র দারুণ আতঙ্ক বিরাজ করছে। মহানগরীর পাশেই নদীর ওপারে রূপসায় বিএনপি’র স্থানীয় নেতা জাকির হত্যাকাণ্ডের পর কোনো মামলা হয়নি, গ্রেপ্তার নেই। পর্যবেক্ষক মহল বলছেন, এসব কীসের আলামত? প্রশাসন আছে অথচ অ্যাকশন নেই! যে পরিবারের স্বজন হারালো সন্ত্রাসীদের হাতে, অথচ থানায় গিয়ে মামলা করার সাহস পাচ্ছে না ওই পরিবারের লোকজন।

সত্যি কথা বলতে কি, আগে পুলিশের কাজ ছিল, নিরীহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশকে বলা হয় শান্তি প্রিয় মানুষের বন্ধু। তাই পুলিশ সম্পর্কে সমাজে প্রচলিত আছে,অত্যন্ত আশাব্যঞ্জক স্লোগান :

‘দুর্বৃত্তকে আঘাত করো, স্বজনেরে রক্ষা করো’। কিন্তু এখন সেখানে দুর্বৃত্তরা বেপরোয়া, দুর্বৃত্তরা এতই দুর্বার যে, ওদের কাছে আইন প্রয়োগকারী সংস্থা টালমাটাল দারুণ অসহায় অবস্থায় সবকিছু সহজে সামাল দিতে পারছে না। ব্যাপক জনমনে জিজ্ঞাসা, কেন হচ্ছে এমন অবস্থা? আমাদের মনে হয় কোথায় যেন একটু গলদ রয়ে গেছে! সর্ষেয় যদি ভূত থাকে, তাহলে সর্ষের ভূত ছাড়াবে কী করে ?

যে কথা বলছিলাম, ‘নগরে আগুন লাগলে দেবালয়ও এড়ায় না’–এমন প্রেক্ষাপটে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ প্রয়াস ছাড়া এ নাজুক অবস্থা এড়ানো সম্ভব নয়। সমাজের সর্বস্তরের নাগরিকদের অত্যন্ত সাহসীভাবে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে জাতীয় সংসদে সরকার- বিরোধীদল সবাই সোচ্চার হয়েছেন। সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স বা কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও সন্ত্রাস দমনে আরও কঠোর হওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

এখন বোধহয় ভাববার সময় এসেছে, খুলনার প্রশাসনিক কাঠামোর নতুন বিন্যাস দরকার। একেবারে খোল নইচে পাল্টে প্রশাসনে গতিশীলতা ও নতুনত্ব আনার কোনো বিকল্প নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে, সরকারি বিধি অনুযায়ী ৩ বছরের অধিক কাল আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যেসব কর্মকর্তারা আছেন এমনকি নিচের পর্যায়ে সবাইকে বদলির মাধ্যমে রদবদল করতে হবে। ওলটপালট করতে হবে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উদার ও মুক্তকণ্ঠে অকপটে বলেছেন, “খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। প্রতিবাদ করলে প্রাণনাশ-হত্যা-একি কোনো সুস্থ সমাজের ধরন হতে পারে?”

ইতোমধ্যে রূপসায় নিহত স্থানীয় নেতার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে নজরুল ইসলাম মঞ্জু সঠিক কথাটি স্পষ্ট করে বলেছেন, “যেকোনো হত্যাকাণ্ডের পর শুধু বিচার দাবি নয়, খুলনা মহানগরী এবং এর আশপাশ এলাকা থেকে পাকাপাকিভাবে সন্ত্রাস নির্মূলের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে হবে। মানুষের জীবন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন! প্রয়োজনে কারফিউ দিয়ে হলেও এদের গ্রেপ্তার করা দরকার।

গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তরা ‘Hit and run policy’ নিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে এবং এগোচ্ছে সুপরিকল্পিতভাবে। এ ব্যাপারে প্রশাসনে গোয়েন্দা নজরদারি, প্রশাসনিক কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আর বিলম্ব করা ঠিক হবে না।

বেশি দিন গত হয় নাই। গত পাঁচই নভেম্বর প্রধানমন্ত্রীর তারেক রহমান খুলনা সফরে আসার পর নগরীর নৈকট্যের উপশহর- ডুমুরিয়া উপজেলার উত্তর অঞ্চলে আমভিটা এলাকায় সরকার দলীয় স্থানীয় এক নেতার ছেলেকে দিন-দুপুরে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যা করেছে। রুপসায়ও একই অবস্থা! খুলনার বটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ, ফুলতলা ও দিঘলিয়া সহ মোট নয় উপজেলার কোথাও আইন-শৃঙ্খলা সমুন্নত নেই। উল্লিখিত এলাকাগুলোতে দারুণ ঢিলে ঢালা ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চলছে। কর্তৃপক্ষীয় লোকজন কোথায় ডিউটি করে কী ডিউটি করে না, তা তারাই জানে! শত্রুদের বুকে কাঁপুনি ধরার মতো কোনো অনুসন্ধানী প্রবৃত্তি এদের মধ্যে নেই বললেই চলে!

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রূপসার আইন শৃঙ্খলা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রুপসা একটি শান্তিপূর্ণ এলাকা হলেও বর্তমান সময়ে এটি একটি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে বলতে হয়, সমগ্র খুলনা সিটি কর্পোরেশন সহ মহানগরীর আশপাশের উপজেলা এলাকায়ও আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে। সব দেখে মনে হয়েছে দেখার কেউ নেই।

আমার মনে হয়, পুলিশ প্রশাসন একটু চাঙ্গাভাবে খুলনা মহানগরীসহ গোটা খুলনার আশপাশ এলাকায় টহল জোরদার করতে পারলে, নিয়মিত রুটিন ওয়ার্ক করলে, দুর্বৃত্তদের সঠিক কালো তালিকা বা ব্ল্যাক লিস্ট তৈরি করে কাজ করলে সফলতা আসবেই। এইসব দুর্বৃত্তদের গ্রেপ্তারের ব্যাপারে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিশেষ করে চিরুনি অভিযানের মাধ্যমে ওদের ঘায়েল করতে হবে। এ ধরনের শক্ত কঠিন পদক্ষেপ এবং দৃশ্যমান তৎপরতা না দেখালে সন্ত্রাসী অপশক্তির দুঃসাহস ক্রমশ বেড়ে চলায়, যে কারো জীবনের নিরাপত্তা যেকোনো মুহূর্তে ব্যাহত হবার উপক্রম হতে পারে।

উপসংহারে বলতে হয়, খুলনা মহানগরীর উপকণ্ঠে অবস্থিত বর্তমানে একটি শান্ত জনপদ ডুমুরিয়ায় পক্ষকাল আগে স্থানীয় বিএনপি নেতার ছেলেকে ফিল্মি স্টাইলে এসে দিন-দুপুরে দুর্বৃত্তরা সশস্ত্র মহড়ার মাধ্যমে গুলি করে হত্যা করার পর সব জানাজানি হলেও খুনি দুর্বৃত্তরা আজও গ্রেপ্তার হয়নি অজ্ঞাত কারণে বলে এলাকার জনগণ মনে করে।

প্রধানমন্ত্রী খুলনা সফরকালে তার সফর স্থল থেকে কয়েক মাইল দূরে এমন একটি ঘটনা ঘটি এসে দুর্বৃত্তরা অথচ আজও পর্যন্ত ৫ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ওই হত্যা কাণ্ডের কোনো কুল কিনারা হয়নি। দিন-দুপুরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা দুর্বার হওয়ার এমন নজির স্মরণকালে কোথাও শোনা যায়নি।

জানা যায়, বিএনপি নেতার ছেলে নিহত তরিকুল ইসলাম দুপুর ১ : ৩০টার দিকে উত্তর ডুমুরিয়ার রংপুর ইউনিয়নে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। ওই অবস্থায় হেলমেট পরা দু’জন যুবক মোটরসাইকেলে এসে তাকে সালাম দেয়। এরপর কেমন আছেন বলে তার মাথা লক্ষ্য করে পরপর দুটো গুলি করে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনা স্থলেই তরিকুলের মৃত্যু হয়। আর আকস্মিক সংঘটিত এ ঘটনা স্থলে বসে থাকা নিরীহ নাগরিকেরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক দৌড়ে পালাতে থাকে। দুঃখজনক সত্য কথা, স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে ‘খুলনা গেজেট’ এর ওই অঞ্চলের প্রতিনিধি জানান, একটি সন্ত্রাসী বাহিনীর সাথে নিহত তরিকুলের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের হিসেবে ওই বাহিনীর লোকেরা তাকে গুলি করে হত্যা করেছে।

ডুমুরিয়া উপজেলার উত্তর অঞ্চলের রংপুর ইউনিয়নের সমরেশ মন্ডল জানান, বাড়ির সামনে দিনে দুপুরে চেনা মুখ দুর্বৃত্তরা হাজির হয়ে ঠান্ডা মাথায় গুলি করে নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করবে, এ ব্যাপারটি কোনোমতে মেনে নেয়া যায় না। তিনি এ ঘটনায় জড়িত চিহ্নিত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিহত তরিকুলের পিতা আবদুস সালাম জানিয়েছেন, আমি বিএনপি করি বলে আমার ছেলেকে মেরে ফেললো! এই কথার মধ্যে লুকিয়ে আছে একটি নির্মম সত্য এবং তা হলো, ঘের মালিক তরিকুলের ঘের সংক্রান্ত দ্বন্দ্বই প্রধান নয়, মূলদ্বন্দ্ব রাজনৈতিক পূর্ব পরিকল্পিত। সুতরাং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের উচিত হবে, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে, এ হত্যা কাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করা। ডুমুরিয়া থানা পুলিশ সে ব্যাপারে কতটা সক্ষম তা তাদের তদন্ত প্রক্রিয়া এবং আসামি গ্রেপ্তারের মাধ্যমে বুঝা যাবে। এখন ওই এলাকাবাসীর একটি দাবি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। তা কত দিনে বাস্তবায়ন হবে সেটাই দেখার বিষয়।

লেখক : রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original